নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | ৫:০৩ এএম
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
সোমবার নিজের ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী জানান, ভিসা-সংক্রান্ত সমস্যার বিষয়ে সরকার অবগত রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
তিনি বলেন, সরকার দেশের নাগরিকদের প্রতি দায়বদ্ধ। প্রবাসীদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারলে তা ব্যক্তিগতভাবে যেমন সন্তোষজনক হবে, তেমনি সরকারের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন হবে।
মো. নুরুল হক আরও বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে প্রবাসীদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা অযৌক্তিক নয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই পরিস্থিতির উন্নয়নে কাজ করছেন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, কিছুটা সময় লাগলেও প্রবাসীদের জন্য নতুন ও ইতিবাচক উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে।
দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের নতুন কর্মভিসা ও বিভিন্ন ধরনের ভিসা ইস্যুতে জটিলতা থাকায় দেশটিতে যেতে আগ্রহী অনেক কর্মী ও চাকরিপ্রত্যাশী অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এ পরিস্থিতির দ্রুত সমাধান হলে বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত