ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১০ জুলাই ২০২৬ | ৩:৫১ পিএম
বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ ও ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা (ই-ভিসা) কর্মসূচি চালু করেছে সৌদি আরব। নতুন এই উদ্যোগের ফলে একক বুকিংয়ের মাধ্যমেই ফ্লাইট, হোটেল, ভিসা ও ভ্রমণ বীমার ব্যবস্থা সম্পন্ন করা যাবে, যা দেশটিতে ভ্রমণ প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করবে।
শুক্রবার (১০ জুলাই) গালফ নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, জর্ডান ও মেক্সিকোর নাগরিকরা এ সুবিধা পাবেন। পর্যায়ক্রমে আরও দেশের নাগরিকদের জন্যও এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
নতুন ব্যবস্থার আওতায় ভ্রমণকারীরা অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে একটি সমন্বিত প্যাকেজ বুকিং করলেই রিটার্ন বিমান টিকিট, অনুমোদিত পর্যটন হোটেলে থাকার ব্যবস্থা, ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা এবং ভ্রমণ বীমা একসঙ্গে পাবেন। ফলে আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুকিং সম্পন্ন হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ই-ভিসা ইস্যু করা হবে। এরপর আবেদনকারীর ইমেইলে ভিসা, বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণ-সংক্রান্ত নথিপত্র পাঠিয়ে দেওয়া হবে।
বর্তমানে রিজারভাল ও আলমোসাফের—এই দুটি অনুমোদিত ট্রাভেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কর্মসূচির আওতায় সেবা দিচ্ছে।
এই ই-ভিসার মেয়াদ হবে তিন মাস। ভিসাটি একবার প্রবেশের জন্য বৈধ থাকবে এবং এর মাধ্যমে সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করা যাবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের প্যাকেজের সর্বনিম্ন মূল্য ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতিটি অতিরিক্ত দিনের জন্য ১ হাজার সৌদি রিয়াল করে যোগ হবে। ভিসা ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল।
এ ছাড়া, ভ্রমণকারীরা চাইলে বুকিংয়ের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান, পর্যটন আকর্ষণ ও বিনোদনমূলক কার্যক্রমের টিকিটও যুক্ত করতে পারবেন।
তবে সৌদি কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এই প্যাকেজে উমরাহ-সংক্রান্ত কোনো সেবা বা ব্যবস্থা অন্তর্ভুক্ত নয়। যদিও এই ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের পর মক্কা, মদিনাসহ দেশের বিভিন্ন এলাকায় ভ্রমণ করতে পারবেন।
ফ্লাইট বা আবাসন বাতিলের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে অর্থ ফেরত বা বুকিং পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট অনুমোদিত ট্রাভেল সেবা প্রদানকারীর নীতিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটন খাতকে আরও গতিশীল করতে ভবিষ্যতে এই কর্মসূচির পরিধি বাড়ানো হবে এবং আরও নতুন দেশকে এর আওতায় আনা হবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত