নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬ | ৩:২১ পিএম
বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা ইস্যু স্থগিতাদেশ এখনো বহাল রয়েছে বলে পুনরায় জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।
শনিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে কিছু বাংলাদেশি অভিবাসীর সরকারি কল্যাণমূলক সুবিধা (পাবলিক ওয়েলফেয়ার) ব্যবহারের হার বেশি হওয়ায় এ সিদ্ধান্ত কার্যকর রাখা হয়েছে।
দূতাবাসের ভাষ্য, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করা হয়। এর উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর যেন ভিসা যাচাই-বাছাই ও নিরাপত্তা যাচাই-সংক্রান্ত নীতিমালা এবং প্রক্রিয়া পর্যালোচনা করতে পারে এবং তা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
বার্তায় আরও বলা হয়, এই স্থগিতাদেশ শুধু অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটন, ব্যবসা, শিক্ষার্থীসহ অন্যান্য অভিবাসনবহির্ভূত (নন-ইমিগ্র্যান্ট) ভিসা এর আওতাভুক্ত নয়।
মার্কিন দূতাবাস জানিয়েছে, বাংলাদেশি নাগরিকরা পর্যটক, ব্যবসা, শিক্ষার্থী ও অন্যান্য অস্থায়ী ভিসার জন্য আগের নিয়মেই আবেদন করতে পারবেন। এসব ভিসা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত