নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | ৩:৫৬ পিএম
ইউরোপের শেনজেন ভিসার আদলে একটি ভিসা দিয়ে মধ্যপ্রাচ্যের ছয় দেশে ভ্রমণের সুযোগ চালু হতে যাচ্ছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন গালফ কোঅপারেশন কাউন্সিলের মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই।
রিয়াদে এক সম্মেলনে তিনি জানান, নতুন এই ভিসা ব্যবস্থা চালু হলে পর্যটকদের জন্য উপসাগরীয় অঞ্চলে ভ্রমণ অনেক সহজ হবে। একটি ভিসা নিয়েই সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত—এই ছয় দেশে ভ্রমণ করা যাবে।
তবে ভিসাটির ফি, মেয়াদ এবং আনুষ্ঠানিকভাবে চালুর তারিখ এখনো ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য বিভাগ দ্রুত এটি চালুর জন্য সমন্বিতভাবে কাজ করছে।
এই উদ্যোগের যাত্রা শুরু হয় ২০২৩ সালের অক্টোবরে। সে সময় ছয় দেশের পর্যটনমন্ত্রীরা এক বৈঠকে প্রস্তাবটিতে সম্মতি দেন। পরের মাসে সংশ্লিষ্ট স্বরাষ্ট্রমন্ত্রীরাও এতে চূড়ান্ত অনুমোদন দেন।
ভ্রমণ ও পর্যটন খাতের কর্মকর্তাদের মতে, প্রস্তাবিত ভিসার আওতায় তিনটি দেশে দুই রাত করে অবস্থান এবং বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে প্রায় ৪ হাজার থেকে ৫ হাজার দিরহাম খরচ হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯৫ হাজার থেকে ১ লাখ ২৭ হাজার টাকা।
সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী বলেছেন, এই উদ্যোগ পুরো উপসাগরীয় অঞ্চলকে বিশ্বের পর্যটকদের কাছে একটি অভিন্ন ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরবে।
শুধু পর্যটন নয়, উপসাগরীয় দেশগুলোর মধ্যে যাতায়াত সহজ করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যে চালু হয়েছে নতুন উড়োজাহাজ ভ্রমণ সুবিধা। এর মাধ্যমে যাত্রীরা প্রথম বিমানবন্দরেই ডিজিটাল ও বায়োমেট্রিক ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ফলে গন্তব্যে পৌঁছে পুনরায় পাসপোর্ট যাচাইয়ের দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না।
জিসিসির বৃহত্তর আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক সংযোগ জোরদারের পরিকল্পনায় সমন্বিত এই পর্যটন ভিসাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এটি চালু হলে পর্যটক ও ব্যবসায়ীদের জন্য ছয় দেশে ভ্রমণ আরও সহজ ও আকর্ষণীয় হয়ে উঠবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত