প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ | ৩:৫৬ পিএম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকারসহ মো. শরীফ নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। রোববার সকালে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা ও কাস্টমসের যৌথ অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে আসা ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে আগমনী হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় তাকে তল্লাশি করা হয়।
পরে বিমানবন্দর ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা এবং কাস্টমসের তত্ত্বাবধানে তার হাতব্যাগ ও পোশাক থেকে চুড়ি আকারের ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
আটক মো. শরীফের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলা’র সদস্য বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উদ্ধার করা স্বর্ণের বিপরীতে সম্ভাব্য রাজস্বের পরিমাণ ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
উদ্ধার করা স্বর্ণের পরিমাণ নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলার কার্যক্রম চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্বর্ণ চোরাচালান ও বৈদেশিক মুদ্রা পাচার প্রতিরোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত