, , ,

শিরোনাম
ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, সপ্তাহে ৫৬ ফ্লাইটের প্রস্তাব ৩৫ হাজার ফুট থেকে ৯ হাজার ফুটে নামল ডেল্টার বিমান, আতঙ্কিত যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে স্ক্যানার কর্মীদের রেডিয়েশন ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে বাতিল ৬০০টির বেশি ফ্লাইট মালয়েশিয়ায় অভিযানে ১৫৫ বাংলাদেশি আটক ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৬ | ১০:৪১ এএম

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা, আরও বেশি কর্মী নিয়োগ এবং অনিয়মিত শ্রমিকদের বৈধতার বিষয়ে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, অনিয়মিত অভিবাসীদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়গুলো বৈঠকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। তিনি জানান, উভয় দেশই এমন একটি শ্রমিক নিয়োগব্যবস্থা গড়ে তোলার বিষয়ে একমত হয়েছে, যা হবে স্বচ্ছ, ন্যায্য ও ব্যয়-সাশ্রয়ী। এর মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে এবং কর্মীদের অভিবাসন ব্যয়ও হ্রাস পাবে।

দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, তথ্যপ্রযুক্তি, জনশক্তি রপ্তানি, হালাল শিল্প, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সেমিকন্ডাক্টর, ডিজিটাল অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা ক্রমাগত শক্তিশালী হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই সফর ও বৈঠক বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে।

বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ দলিল বিনিময় করা হয়, যা ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে কাজ করছে। তিনি মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশের উদীয়মান অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান।

রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পক্ষে মালয়েশিয়ার ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আসিয়ানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পৃক্ততা বৃদ্ধি এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে দুই দেশের অভিন্ন আগ্রহের কথাও উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনের শেষে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com