, , ,

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বৈশ্বিক এভিয়েশন জায়ান্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২৬ | ১০:৫২ এএম

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বৈশ্বিক এভিয়েশন জায়ান্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনালের যাত্রী গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনার দায়িত্ব পেতে বিশ্বের পাঁচটি শীর্ষস্থানীয় বিমানবন্দর সেবাদাতা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় নেমেছে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের এভিয়েশন খাতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের এমন আগ্রহ দেশের ক্রমবর্ধমান সম্ভাবনা এবং আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে ওঠার লক্ষ্যের প্রতি বৈশ্বিক আস্থারই প্রতিফলন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তৃতীয় টার্মিনালে যাত্রী গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য দ্বিতীয় অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার পরই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আগ্রহ প্রকাশ করে। স্বাধীনতার পর এই প্রথম বিশ্বখ্যাত গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানিগুলো বাংলাদেশের এ খাতে প্রবেশে আগ্রহ দেখিয়েছে।

বেবিচকের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নতুন অপারেটর শুধুমাত্র যাত্রীসেবা ও গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনা করবে। তবে কার্গো হ্যান্ডলিংয়ের দায়িত্ব এককভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছেই থাকবে।

তিনি বলেন, “দ্বিতীয় অপারেটরের কার্যক্রম যাত্রীসেবা ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কার্গো হ্যান্ডলিংয়ের দায়িত্ব বিমানের কাছেই থাকবে।”

তৃতীয় টার্মিনালের যাত্রী গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনায় আগ্রহী প্রতিষ্ঠানগুলো হলো যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন, সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের চেলেবি এভিয়েশন হোল্ডিং, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডনাটা এবং সিঙ্গাপুরের স্যাটস। প্রতিষ্ঠানগুলো বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম অর্জন করেছে।

বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ মাফিদুর রহমান বলেন, একসঙ্গে এতগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আগ্রহ বাংলাদেশের এভিয়েশন খাতের প্রতি বৈশ্বিক আস্থার প্রমাণ। তার মতে, এটি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বও তুলে ধরে।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতরা নিজ নিজ দেশের প্রতিষ্ঠানের আগ্রহ নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন।

বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগের সিদ্ধান্ত দেশের বিমানবন্দর পরিচালনায় একটি বড় নীতিগত পরিবর্তন। এতদিন যাত্রী গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব এককভাবে পালন করে আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন ব্যবস্থায় প্রতিযোগিতা সৃষ্টি হলে সেবার মান, পরিচালন দক্ষতা এবং যাত্রীসেবার গতি বাড়বে।

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের আওতায় রয়েছে যাত্রী চেক-ইন, লাগেজ ব্যবস্থাপনা, র‌্যাম্প অপারেশন, উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ এবং টার্নঅ্যারাউন্ড সার্ভিস। এ সেবার মান সরাসরি বিমানবন্দরের কার্যকারিতা ও যাত্রীসন্তুষ্টির সঙ্গে সম্পর্কিত।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও এয়ারলাইন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) সাধারণ সম্পাদক মফিজুর রহমান যাত্রী হ্যান্ডলিংয়ে প্রতিযোগিতাকে স্বাগত জানিয়ে বলেন, একই ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতে কার্গো হ্যান্ডলিংয়েও চালু করা উচিত।

একই মত দিয়েছেন টাস এভিয়েশন গ্রুপের চেয়ারম্যান কে এম মুজিবুল হক। তিনি বলেন, কার্গো ভিলেজ ও গ্রাউন্ড হ্যান্ডলিং—উভয় ক্ষেত্রেই আন্তর্জাতিক অভিজ্ঞ প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করলে দক্ষতা, নিরাপত্তা ও সেবার মান আরও উন্নত হবে। পাশাপাশি স্থানীয় জনবলও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।

তবে খাতসংশ্লিষ্টরা তৃতীয় টার্মিনালের আধুনিক কার্গো ভিলেজে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একমাত্র অপারেটর হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, অত্যাধুনিক কার্গো ব্যবস্থার সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানো প্রয়োজন।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানিয়েছেন, তৃতীয় টার্মিনালে যাত্রী ও কার্গো হ্যান্ডলিং পরিচালনার জন্য বিমান ইতোমধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করেছে এবং এক হাজারের বেশি অতিরিক্ত জনবল নিয়োগ দিয়েছে।

তিনি বলেন, বিমান তৃতীয় টার্মিনালের যাত্রী ও কার্গো সেবা পরিচালনায় সম্পূর্ণ প্রস্তুত। তবে দ্বিতীয় যাত্রী গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাওয়া যায়নি।

চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো করপোরেশন, নিপ্পন কোয়েই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন সমন্বয়ে গঠিত একটি জাপানি কনসোর্টিয়াম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com