, , ,

টিকিট সিন্ডিকেটে জড়ালে নিবন্ধন বাতিল, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিমানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৬ | ১:০৫ পিএম

টিকিট সিন্ডিকেটে জড়ালে নিবন্ধন বাতিল, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিমানমন্ত্রীর

বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জড়িত ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে নিবন্ধন বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী জানান, যাত্রীদের স্বার্থ সুরক্ষা এবং বিমান টিকিটের বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া নির্ধারণ করা হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘ডাইনামিক প্রাইসিং’ বা ‘রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম’-এর মাধ্যমে। যাত্রী চাহিদা, ভ্রমণের সময়, আসন প্রাপ্যতা, মৌসুম, জ্বালানির দাম, পরিচালন ব্যয়, উড়োজাহাজের ধরন এবং অগ্রিম বুকিংসহ বিভিন্ন বিষয় বিবেচনায় ভাড়া ওঠানামা করে।

মন্ত্রী আরও বলেন, মুক্তবাজার অর্থনীতি এবং বৈশ্বিক এভিয়েশন নীতির কারণে নির্দিষ্ট বা স্থির ভাড়া নির্ধারণের সুযোগ না থাকলেও রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা হিসেবে যাত্রীদের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রাখা হয়। একই সঙ্গে অন্যান্য এয়ারলাইন্সের ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী পর্যায়ে ভাড়া রাখার চেষ্টা করা হয়।

আফরোজা খানম জানান, টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে এবং যাত্রীদের হয়রানি কমাতে বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি টিকিটে মূল্য, বিক্রয়কারী এজেন্সির নাম এবং লাইসেন্স নম্বর বাধ্যতামূলকভাবে উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ট্রাভেল এজেন্সি যদি অতিরিক্ত মূল্য আদায় করে বা টিকিট সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের নিবন্ধন বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, বিমান টিকিটের দাম সাধারণ যাত্রীদের নাগালের মধ্যে রাখতে মন্ত্রণালয় এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়মিত এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সিগুলোর সঙ্গে আলোচনা ও সমন্বয় করছে। যাত্রীবান্ধব ও স্বচ্ছ টিকিট ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com