ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ | ৫:৩১ পিএম
পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) কেবিন ক্রুদের জন্য নতুন পোশাক উন্মোচন করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে নতুন পোশাক ব্যবহার শুরু করবেন কেবিন ক্রুরা। দীর্ঘ ১২ বছর পর পোশাকে এই পরিবর্তন আনছে সংস্থাটি।
গত ২২ অক্টোবর নতুন পোশাকের নকশা প্রকাশ করে পিআইএ। পাকিস্তানের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার হাসান শেহেরিয়ার ইয়াসিনের তৈরি নকশাটি বেছে নেওয়া হয়েছে। লন্ডন থেকে ইসলামাবাদগামী পিআইএর সদ্য লিজ নেওয়া বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের উদ্বোধনী ফ্লাইটে প্রথমবারের মতো নতুন পোশাকে দেখা যাবে কেবিন ক্রুদের।
পিআইএ জানিয়েছে, নতুন পোশাক তৈরিতে কর্মীদের স্বাচ্ছন্দ্য, চলাফেরার সুবিধা ও দীর্ঘ সময় দায়িত্ব পালনের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য আরামদায়ক ও বাতাস চলাচলের উপযোগী কাপড় ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে পোশাকে পাকিস্তানের ঐতিহ্য, আতিথেয়তা ও আধুনিক ফ্যাশনের সমন্বয় ঘটানোর চেষ্টা করা হয়েছে।
নতুন পোশাকের নকশা নির্বাচনে করাচিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে পাকিস্তানের একাধিক পরিচিত ফ্যাশন ডিজাইনার ও প্রতিষ্ঠান অংশ নেয়। তাঁদের মধ্যে ছিলেন মাহিন খান, দীপক ও ফাহাদ, জেনারেশন, ইসমাইল ফরিদ, মুনিব নওয়াজ, দীপক পারওয়ানি, ফারাজ মানান, আমির আদনান ও নোমি আনসারি। নোমি আনসারির নকশা করা পোশাক গত ১২ বছর ধরে পিআইএর কেবিন ক্রুরা ব্যবহার করে আসছিলেন।
নকশা মূল্যায়নে অংশ নেন ফ্যাশন ও পোশাকশিল্পের বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের মধ্যে ছিলেন খাদির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শামুন সুলতান, পোশাক ডিজাইনার নিলোফার শহীদ, সৌন্দর্য বিশেষজ্ঞ নাবিলা এবং পাকিস্তান ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড ডিজাইনের উপাচার্য হিনা তাইয়্যেবা খলিল। এ ছাড়া পিআইএতে ৩৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন নাসিম তেহরানিও মূল্যায়নপ্রক্রিয়ায় যুক্ত ছিলেন।
পিআইএর পোশাকের ইতিহাসে আন্তর্জাতিক ফ্যাশন জগতের প্রভাব রয়েছে। ১৯৬৬ সালে ফরাসি ডিজাইনার পিয়েরে কার্দাঁ সংস্থাটির জন্য বিশেষ পোশাক তৈরি করেন। পরে ১৯৭০-এর দশকে ব্রিটিশ রাজপরিবারের পোশাক ডিজাইনার স্যার হার্ডি অ্যামিসও পিআইএর পোশাকের নকশায় অবদান রাখেন।
নতুন পোশাকের ডিজাইনার হাসান শেহেরিয়ার ইয়াসিন বলেন, পাকিস্তানের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার জন্য পোশাক তৈরি করা তাঁর কাছে সম্মান ও গর্বের বিষয়। নকশায় দেশের ঐতিহ্য ও আতিথেয়তার পাশাপাশি আধুনিক ফ্যাশনের বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।
নতুন পোশাক চালু এবং বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের উদ্বোধনী ফ্লাইটকে সামনে রেখে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের নতুনভাবে উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে পিআইএ। এর মাধ্যমে সংস্থাটির ব্র্যান্ড পরিচিতি ও যাত্রীসেবার আধুনিকায়ন আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত