ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ | ৬:৫২ পিএম
ভারতে উড়োজাহাজের টিকিটের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা এক মাসের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এদিকে বেসরকারি বিমান সংস্থাগুলোর অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা নিয়ন্ত্রণে নতুন বিধি তৈরির উদ্যোগ নিয়েছে কেন্দ্র। আগামী দুই সপ্তাহের মধ্যে বিধিটি প্রকাশ করা হতে পারে বলে আদালতকে জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।
শুক্রবার (১৬ অক্টোবর) বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি আর মহাদেবন ও বিচারপতি অপরেশ কুমার সিংয়ের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। যাত্রীদের অতিরিক্ত ভাড়ার চাপ থেকে স্বস্তি দিতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, তা জানতে চান আদালত। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৬ নভেম্বর।
উৎসবের মৌসুমে ভারতে অভ্যন্তরীণ রুটে টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার বিষয়টি আদালতের নজরে এসেছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, ২১ অক্টোবর দিল্লি–বেঙ্গালুরু রুটে টিকিটের ভাড়া প্রায় ১০ হাজার রুপি। ২৪ অক্টোবর মুম্বাই–পুনে রুটে ভাড়া সাড়ে ১২ হাজার রুপির বেশি এবং ২৫ অক্টোবর কলকাতা–হায়দরাবাদ রুটে তা প্রায় ১৫ হাজার রুপিতে পৌঁছেছে। যাত্রীদের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ভাড়া বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ‘ভারতীয় বায়ুযান অধিনিয়ম, ২০২৪’-এর আওতায় নতুন বিধি প্রণয়নের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। তবে বেসরকারি বিমান সংস্থাগুলোর টিকিটের দাম নিয়ন্ত্রণে আনা হলে আইনি বিরোধ তৈরি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে।
বিমান সংস্থাগুলোর দাবি, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে তাদের পরিচালন ব্যয় বেড়েছে। যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বৃদ্ধি এবং পাকিস্তান ও ইরানের আকাশসীমা বন্ধ থাকায় অনেক আন্তর্জাতিক ফ্লাইটকে দীর্ঘ বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। এতে জ্বালানি খরচসহ সামগ্রিক পরিচালন ব্যয় বাড়ছে। সংস্থাগুলোর যুক্তি, শেষ মুহূর্তে টিকিট কেনা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিয়ে বাড়তি ব্যয়ের কিছুটা সামাল দেওয়া হয়। ভাড়া নিয়ন্ত্রণ করা হলে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়তে পারে বলেও দাবি তাদের।
সমাজকর্মী এস এল লক্ষ্মীনারায়ণনের করা জনস্বার্থ মামলায় একই ফ্লাইটে একই গন্তব্যে যাওয়া যাত্রীদের কাছ থেকে ভিন্ন ভাড়া নেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। মামলাকারীর অভিযোগ, এ ধরনের ভাড়ার বৈষম্য যাত্রীদের সমান অধিকারের প্রশ্ন তৈরি করে। পাশাপাশি চেক-ইন ব্যাগের অনুমোদিত ওজন কমানো এবং পছন্দের আসনে বসার জন্য অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়টিও আবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ভাড়া নিয়ন্ত্রণের বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। এবার কেন্দ্রীয় সরকারের নতুন বিধি প্রকাশের সময়সীমা এবং আদালতে লিখিত জবাব দেওয়ার নির্দেশের পর নজর রয়েছে পরবর্তী পদক্ষেপের দিকে। নতুন বিধিতে বিমানভাড়া নির্ধারণে কী ধরনের পরিবর্তন আসে, তা জানতে অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত