ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ | ১১:২৩ এএম
ভারতের দিল্লি বিমানবন্দরে অবতরণের সময় পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে এমিরেটসের একটি উড়োজাহাজ। এতে উড়োজাহাজটির ফিরতি ফ্লাইট ১৫ ঘণ্টারও বেশি সময় পিছিয়ে যায়। দীর্ঘ বিলম্বের কারণে দিল্লি থেকে দুবাইগামী যাত্রীদের রাতভর অপেক্ষা করতে হয়।
ভিয়েতনামভিত্তিক সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ অক্টোবর দুবাই থেকে আসা এমিরেটসের ইকে৫১৭ ফ্লাইটটি দিল্লিতে অবতরণের সময় পাখির ধাক্কার শিকার হয়। পরে উড়োজাহাজটির প্রয়োজনীয় মেরামতের জন্য সময়সূচি পরিবর্তন করতে হয়।
নির্ধারিত সূচি অনুযায়ী, দিল্লি থেকে দুবাইগামী ফ্লাইটটির ১৭ অক্টোবর বিকেল ৪টা ২৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু মেরামতকাজের কারণে ফ্লাইটটি পুনর্নির্ধারণ করে ১৮ অক্টোবর সকাল ৭টা করা হয়। এতে যাত্রীদের দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হয়।
এমিরেটস এক বিবৃতিতে পাখির ধাক্কার ঘটনা নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, উড়োজাহাজটি মেরামতের প্রয়োজন হওয়ায় নির্ধারিত সময়ে যাত্রা করা সম্ভব হয়নি। তবে কতজন যাত্রী এই বিলম্বে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা জানায়নি এয়ারলাইনসটি।
যাত্রীদের ভোগান্তি কমাতে আটকে পড়া যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছিল বলে জানিয়েছে এমিরেটস। একই সঙ্গে সময়সূচি পরিবর্তনের কারণে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী, ১৮ অক্টোবর সকাল ৭টায় দিল্লি থেকে দুবাইয়ের উদ্দেশে উড়োজাহাজটি ছেড়ে যায়।
দিল্লি বিমানবন্দরে পাখির ধাক্কায় উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা নতুন নয়। বিমানবন্দরের আশপাশে বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং মাংস বিক্রির স্থান থেকে ফেলে দেওয়া উচ্ছিষ্ট পাখির উপস্থিতি বাড়াতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।
উড়োজাহাজের ইঞ্জিন বা গুরুত্বপূর্ণ অংশে পাখির ধাক্কা লাগলে নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে। তাই বিমানবন্দর এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং পাখির আনাগোনা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত