নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৬ | ৪:২৯ এএম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে একটি ড্রোনের সঙ্গে সংঘর্ষের অভিযোগ করেছেন জেটব্লু এয়ারওয়েজের এক পাইলট। এ ঘটনার তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
সোমবার (২৯ জুন) সকালে লাস ভেগাস থেকে আসা জেটব্লু ফ্লাইট ৯৪৮-এর এয়ারবাস এ৩২১ উড়োজাহাজটি জেএফকে বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। তখন প্রায় ৩ হাজার ফুট উচ্চতায় ককপিটের ঠিক ওপরে একটি ড্রোন আঘাত হেনেছে বলে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান পাইলট।
রেকর্ড করা যোগাযোগে পাইলট বলেন, ‘ঘুরে আসার সময় আমাদের সঙ্গে একটি ড্রোনের সংঘর্ষ হয়েছে। এটি ককপিটের ঠিক ওপরে আঘাত করেছে।’
ঘটনার পরও উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ৭টা ২১ মিনিটে নিরাপদে অবতরণ করে। সব যাত্রী স্বাভাবিকভাবে নেমে যান।
জেটব্লু এক বিবৃতিতে জানিয়েছে, অবতরণের পর উড়োজাহাজটির বিস্তারিত পরিদর্শন করা হলেও কোনো ধরনের ক্ষতি বা সংঘর্ষের চিহ্ন পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেকোনো তদন্তে তারা কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করবে।
এফএএ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, বিমানবন্দরের নিয়ন্ত্রিত আকাশসীমায় অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ। এমন কর্মকাণ্ডের জন্য জরিমানা, ফৌজদারি মামলা বা কারাদণ্ড হতে পারে।
এফএএ আরও জানায়, প্রতি মাসে বিমানবন্দরসংলগ্ন এলাকায় ড্রোন-সংক্রান্ত ১০০টিরও বেশি অভিযোগ তারা পেয়ে থাকে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত