ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬ | ১২:৩২ পিএম
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচিগামী একটি কার্গো উড়োজাহাজ পাঁচজন আরোহীসহ নিখোঁজ হয়েছে। উড়োজাহাজটির সঙ্গে মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আরব সাগরে নৌ, বিমান ও বেসামরিক সংস্থার সমন্বয়ে জোরালো অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে পাকিস্তান।
মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে এক বিবৃতিতে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) জানায়, স্থানীয় সময় রাত ৯টা ৩২ মিনিটে করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে উড়োজাহাজটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই এর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল সূত্র জানিয়েছে, নিখোঁজ উড়োজাহাজটি একটি পাকিস্তানি কার্গো এয়ারলাইনের পরিচালিত ২৭ বছর পুরোনো বোয়িং ৭৩৭।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, টিএ১৭৩২ ফ্লাইটটি প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় স্বাভাবিকভাবে উড়ছিল। তবে একপর্যায়ে নেভিগেশন সিস্টেমে ত্রুটি দেখা দিলে উড়োজাহাজটি ইউ-টার্ন নেয়। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় এটি রাডারের পর্দা থেকে অদৃশ্য হয়ে যায়।
নিখোঁজ উড়োজাহাজটির সন্ধানে পাকিস্তান নৌবাহিনী যুদ্ধজাহাজ পিএনএস জুলফিকার ও পিএনএস হুনাইন মোতায়েন করেছে। পাশাপাশি বিমানবাহিনীর নজরদারি উড়োজাহাজ এবং পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের বাণিজ্যিক জাহাজগুলোও অনুসন্ধান কার্যক্রমে অংশ নিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বাত্মক অভিযান চললেও এখন পর্যন্ত উড়োজাহাজটির কোনো ধ্বংসাবশেষ কিংবা পাঁচ আরোহীর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার প্রকৃত কারণও এখনও নিশ্চিত হওয়া যায়নি।
২০১০ সালেও করাচি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর আট আরোহী নিয়ে একটি রুশ কার্গো উড়োজাহাজ আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছিল। খার্তুমগামী ওই উড়োজাহাজ দুর্ঘটনায় আরোহীদের সবাই নিহত হন।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত