নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ | ৫:৩৮ পিএম
লিবিয়া থেকে মানবিক সহায়তায় আরও ১৭৪ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় সোমবার তাদের প্রত্যাবাসন করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টায় বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রত্যাবাসিতদের মধ্যে ৩৬ জন সাগর থেকে আটকের পর ত্রিপোলির তাজুরা আটককেন্দ্রে বন্দী ছিলেন। বাকি ১৩৮ জন ত্রিপোলির ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন। তাদের মধ্যে ৪১ জন শারীরিকভাবে অসুস্থ।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ দূতাবাস প্রাঙ্গণে প্রত্যাবাসিত বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি অনিয়মিত পথে বিদেশ যাওয়ার ঝুঁকি এবং এর শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতি সম্পর্কে তাদের সতর্ক করেন।
রাষ্ট্রদূত দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার পাশাপাশি ভবিষ্যতে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বৈধ পথ অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে মানবপাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা এবং অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরির অনুরোধ করেন।
এদিকে, আগামী ২৮ অক্টোবর লিবিয়ার মিসরাতা শহর থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ১৭৫ বাংলাদেশিকে প্রত্যাবাসনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দূতাবাস।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত