, , ,

শাহজালালে বিমানের ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৬ | ১০:৫৬ এএম

শাহজালালে বিমানের ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালায় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং ঢাকা কাস্টমস হাউস।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় ফ্লাইটটির কার্গো হোল্ডে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১৮ কেজি ৭২০ গ্রাম।

ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কামরুল ইসলাম জানান, জব্দ করা স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা। উদ্ধার হওয়া স্বর্ণ কাস্টমসের হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তবে অভিযান চালিয়েও এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। স্বর্ণের প্রকৃত মালিক, চোরাচালান চক্র এবং চালানটির উৎস শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চলতি বছরের মার্চ মাসেও একই ধরনের এক অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে প্রায় ১৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক রুট ব্যবহার করে স্বর্ণ চোরাচালানের একাধিক ঘটনা সামনে আসায় বিমানবন্দরগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com