ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ৫:২৪ এএম
বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এক হজ এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তরের সুযোগ দিয়েছে সরকার। বুধবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজযাত্রীর লিখিত অনুমতি ছাড়া কোনোভাবেই তাকে এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তর করা যাবে না। একই হজযাত্রীকে একাধিকবার স্থানান্তরের সুযোগও থাকবে না।
মন্ত্রণালয় জানিয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে নির্ধারিত শর্ত সাপেক্ষে বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে। নির্ধারিত পাঁচ দিনের মধ্যেই সংশ্লিষ্ট সব স্থানান্তর কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হজযাত্রীর লিখিত সম্মতি ছাড়া স্থানান্তর কিংবা একই ব্যক্তিকে একাধিকবার স্থানান্তরের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, স্থানান্তরের ক্ষেত্রে হজযাত্রীর সম্মতি নিশ্চিত করা এবং নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করা সংশ্লিষ্ট এজেন্সিগুলোর জন্য বাধ্যতামূলক।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত