, , ,

শাহজালাল বিমানবন্দরে ৯৪ লাখ টাকার স্বর্ণসহ ৬ জন আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৬ | ২:১৭ পিএম

শাহজালাল বিমানবন্দরে ৯৪ লাখ টাকার স্বর্ণসহ ৬ জন আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে প্রায় ৯৪ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারসহ ছয়জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার ভোরে বিমানবন্দরের সরকারি খোলা পার্কিং এলাকার দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৯৭ দশমিক ৩ গ্রাম ওজনের ২২ ক্যারেট স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ ৪২ হাজার টাকার বেশি।

আটক ব্যক্তিরা হলেন মো. মনির হোসেন, কাজী মাসুদ, সাইদুল ইসলাম, ইলিয়াছ খাঁন, সাব্বির মিয়া ও মো. কামাল হোসেন।

এপিবিএন সূত্র জানায়, ভোর সোয়া চারটার দিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের ওপর নজরদারি শুরু করা হয়। একপর্যায়ে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা একটি মাইক্রোবাসে করে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেন, বিদেশ থেকে আগত যাত্রীদের মাধ্যমে অবৈধভাবে আনা স্বর্ণ সংগ্রহ করে তারা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। প্রাথমিক তদন্তে বিমানবন্দরকেন্দ্রিক একটি সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, স্বর্ণসহ বিভিন্ন পণ্যের চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com