ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ | ৫:৩২ পিএম
সৌদি আরবে বিমানবন্দর অবকাঠামোয় হামলা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির জেরে ফ্লাইট বাতিল হওয়ায় মক্কা ও মদিনায় আটকা পড়েছেন প্রায় চার হাজার ভারতীয় ওমরাহ যাত্রী। তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিমান সংস্থা ও ভ্রমণ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট বাতিলের কারণে ওমরাহ পালন শেষে দেশে ফিরতে পারছেন না অনেক যাত্রী। এতে তাঁদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়ার পাশাপাশি দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিষয়টি সামনে আনেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েসি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, মক্কা ও মদিনায় আটকে পড়া যাত্রীদের মধ্যে ইন্ডিগো, আকাসা এয়ার ও এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভ্রমণকারীরাও রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়েসি ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তাঁদের দ্রুত ফিরিয়ে আনতে বড় উড়োজাহাজ পরিচালনার অনুমতি দেওয়া অথবা বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার জন্য ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার প্রতি আহ্বান জানান তিনি।
এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিয়াদে ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় ভারতীয় কনস্যুলেট জেনারেল সংশ্লিষ্ট বিমান সংস্থা ও ট্যুর অপারেটরদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। আটকে পড়া যাত্রীদের দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে বিভিন্ন উপলব্ধ ফ্লাইটে প্রায় তিন হাজার ওমরাহ যাত্রীকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। এ ছাড়া নিয়মিত সূচির ফ্লাইটে আরও ১০ হাজারের বেশি ওমরাহ যাত্রী দেশে ফিরেছেন। তবে সৌদি আরবে এখনো অবস্থানরত যাত্রীদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে কাজ চলছে।
এদিকে, সৌদিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জরুরি সহায়তার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে সহায়তা দেওয়ার ব্যবস্থা করেছে।
ফ্লাইট চলাচলে অনিশ্চয়তার কারণে আটকে পড়া যাত্রীদের দেশে ফেরা নির্ভর করছে নিরাপত্তা পরিস্থিতি, বিমান সংস্থাগুলোর কার্যক্রম এবং বিকল্প ফ্লাইটের প্রাপ্যতার ওপর। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ তথ্য নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত