, , ,

সরাসরি তাইপে-ওয়াশিংটন ফ্লাইট চালু করল ইভিএ এয়ার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৮ জুন ২০২৬ | ৩:২৭ এএম

সরাসরি তাইপে-ওয়াশিংটন ফ্লাইট চালু করল ইভিএ এয়ার

তাইওয়ানের শীর্ষ আন্তর্জাতিক বিমান সংস্থা ইভিএ এয়ার প্রথমবারের মতো তাইপে ও যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির মধ্যে সরাসরি ফ্লাইট চালু করেছে। নতুন এই রুটের মাধ্যমে উত্তর আমেরিকায় সংস্থাটির গন্তব্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০টিতে।

নতুন রুটের উদ্বোধন উপলক্ষে ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইভিএ এয়ার, মেট্রোপলিটন ওয়াশিংটন এয়ারপোর্টস অথরিটি এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

ইভিএ এয়ার জানায়, নতুন রুটে সপ্তাহে চারটি ননস্টপ ফ্লাইট পরিচালনা করা হবে। এসব ফ্লাইটে ব্যবহৃত হবে আধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার। বিমানে তিন ধরনের ভ্রমণসুবিধা থাকছে—রয়্যাল লরেল, প্রিমিয়াম ইকোনমি এবং ইকোনমি। বিশেষ করে দীর্ঘপাল্লার যাত্রীদের জন্য উন্নত প্রিমিয়াম ইকোনমি সেবার ওপর জোর দিয়েছে সংস্থাটি।

নতুন এই রুট চালুর ফলে ওয়াশিংটন ডিসি থেকে যাত্রীরা সরাসরি তাইপেতে পৌঁছাতে পারবেন। পাশাপাশি তাইপেকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করে জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়াসহ পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন গন্তব্যে সহজ সংযোগ পাবেন। এতে ব্যবসা, পর্যটন এবং বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

ইভিএ এয়ারের প্রেসিডেন্ট ক্লে সান বলেন, দীর্ঘদিনের পরিকল্পনা ও অংশীদারদের সহযোগিতায় নতুন এই রুট চালু করা সম্ভব হয়েছে। ওয়াশিংটন অঞ্চলে যাত্রী ও ব্যবসায়িক চাহিদা ক্রমেই বাড়ছে। নতুন এই সেবা যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে সংস্থাটির অবস্থান আরও শক্তিশালী করবে।

বর্তমানে উত্তর আমেরিকায় ইভিএ এয়ারের গন্তব্যগুলো হলো লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, সিয়াটল, নিউইয়র্ক, হিউস্টন, ডালাস-ফোর্ট ওর্থ, শিকাগো, ভ্যাঙ্কুভার, টরন্টো এবং সর্বশেষ ওয়াশিংটন ডিসি। এসব রুটে প্রতি সপ্তাহে মোট ৯৮টি ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।

মেট্রোপলিটন ওয়াশিংটন এয়ারপোর্টস অথরিটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক পটার বলেন, এই রুট চালু হওয়া ওয়াশিংটন অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে তাইওয়ান এবং এশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে ভ্রমণ আরও সহজ হবে।

এয়ারপোর্টস অথরিটির এয়ারলাইন বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট পল ববসন বলেন, নতুন এই ননস্টপ ফ্লাইট যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক যোগাযোগ আরও জোরদার করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিমান যোগাযোগ সম্প্রসারণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com