ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ | ৫:২৮ পিএম
শীতকালীন ছুটি ও বছরের শেষের ভ্রমণ মৌসুম সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে। অক্টোবরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত ইউরোপের বিভিন্ন গন্তব্যে সপ্তাহে সর্বোচ্চ ৩৬টি ফ্লাইট ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ রুটেও বিমান চলাচল বাড়ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ছুটির মৌসুমে যাত্রীদের বাড়তি চাহিদা সামাল দিতে বিভিন্ন বিমান সংস্থা স্থগিত থাকা রুটগুলোতে আবারও ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে। এতে ইউরোপ ও এশিয়ার সঙ্গে দুবাইয়ের আকাশপথের যোগাযোগ আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
ইউরোপীয় রুটে জার্মানির লুফথানসা ২৫ অক্টোবর থেকে দুবাই-মিউনিখ এবং ২৬ অক্টোবর থেকে দুবাই-ফ্রাঙ্কফুর্ট ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে। সুইস এয়ারলাইনস ২৭ অক্টোবর থেকে জুরিখ রুটে দৈনিক ফ্লাইট পরিচালনা করবে। এ ছাড়া ইউরোউইংস ১ নভেম্বর থেকে বার্লিন, স্টুটগার্ট ও কোলন-বন রুটে ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। অস্ট্রিয়ান এয়ারলাইনসের ভিয়েনা রুটে ফ্লাইট শুরুর পরিকল্পনা রয়েছে ১২ ডিসেম্বর থেকে।
গ্রিসের এজিয়ান এয়ারলাইনস ২৩ অক্টোবর থেকেই এথেন্স-দুবাই রুটে ফ্লাইট চালু করেছে। ২৬ অক্টোবর থেকে এ রুটে দৈনিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এশিয়ার রুটেও বাড়ছে যোগাযোগের সুযোগ। ফিলিপাইন এয়ারলাইনস ২১ অক্টোবর দুবাই বিমানবন্দরে আবারও কার্যক্রম শুরু করেছে। বর্তমানে ফিলিপাইন এয়ারলাইনস ও সেবু প্যাসিফিক দুবাই-ম্যানিলা রুটে সপ্তাহে চারটি করে ফ্লাইট পরিচালনা করছে। অন্যদিকে, কাজাখস্তানের এয়ার আস্তানা দুবাই-আলমাটি রুটে বিমান চলাচল পুনরায় চালু করেছে।
এ ছাড়া সৌদি আরবের রিয়াদ এয়ার ২০ জুন থেকে দুবাই-রিয়াদ রুটে বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ দিয়ে দৈনিক ফ্লাইট পরিচালনা করছে। তুর্কিশ এয়ারলাইনসও ১১ জুন থেকে দুবাই-ইস্তাম্বুল রুটে দৈনিক সরাসরি ফ্লাইট চালু করেছে।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস ও ফ্লাইদুবাইয়ের পাশাপাশি ৪০টিরও বেশি বিমান সংস্থা কার্যক্রম পরিচালনা করছে। এসব সংস্থার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস-বাংলা এয়ারলাইনসও রয়েছে।
তবে সব রুটে ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। এয়ার ফ্রান্সের দুবাইগামী ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত এবং কেএলএমের ফ্লাইট ২৪ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকার কথা জানানো হয়েছে।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শীতকালীন ছুটি ১৪ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ৪ জানুয়ারি থেকে ক্লাস শুরুর কথা রয়েছে। ফলে এ সময় দুবাইসহ বিভিন্ন গন্তব্যে ভ্রমণের চাহিদা বাড়তে পারে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি ও অবস্থা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত