ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১১ অগাস্ট ২০২৬ | ২:১৬ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর অভিযানের অংশ হিসেবে এ পর্যন্ত ১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে আরও হাজার হাজার মানুষের ভ্রমণ ও অভিবাসনের সুবিধা বাতিল করা হয়েছে।
দপ্তর জানিয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ড, ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, সহিংসতায় উসকানি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে। হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদকসংক্রান্ত অপরাধও এর মধ্যে রয়েছে।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ধর্ষণ ও যৌন নিপীড়ন, অপহরণ ও মানব পাচার এবং শিশুদের যৌন নিপীড়নের উপকরণ রাখার মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ভিসাও বাতিল করা হয়েছে।
এ ছাড়া উত্তর আফ্রিকার একটি মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যাওয়া শতাধিক ‘বার্থ ট্যুরিস্ট’ দম্পতির ভিসা বাতিল করেছে।
দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহত মার্কিন রক্ষণশীল অধিকারকর্মী চার্লি কার্ককে হত্যার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করা কয়েকজন বিদেশি নাগরিকের ভিসাও বাতিল করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ধারাবাহিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে ভিসাধারীরা শর্ত মেনে চলছেন কি না এবং তারা মার্কিন নাগরিকদের জন্য হুমকি হয়ে উঠছেন কি না, তা যাচাই করা হচ্ছে। নিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করা বিদেশি নাগরিকদের শনাক্ত ও তদন্ত অব্যাহত থাকবে।
দপ্তরের ভাষ্য, যুক্তরাষ্ট্রের ভিসা একটি সুযোগ, অধিকার নয়। ভিসার অপব্যবহারকারীদের বিরুদ্ধে ভিসা বাতিলসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত জানুয়ারিতে এক লাখের বেশি ভিসা বাতিলের কথা জানিয়েছিল পররাষ্ট্র দপ্তর। এবার সেই সংখ্যা ছাড়িয়ে গেছে। পাশাপাশি ট্রাম্প প্রশাসন ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন তথ্য যাচাই আরও কঠোর করেছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত