, , ,

দুই বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু করছে ভারত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৫ জুন ২০২৬ | ১০:৪২ এএম

দুই বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু করছে ভারত

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন (রোববার) থেকে নিয়মিতভাবে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হবে।

বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

ভিসা কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক আবেদন গ্রহণ কার্যক্রম আবার শুরু করা হচ্ছে। আগামী ২৮ জুন থেকে আবেদন জমা দেওয়া যাবে। পাশাপাশি মানবিক কারণে জরুরি মেডিকেল ভিসা সুবিধাও অব্যাহত থাকবে।”

দীনেশ ত্রিবেদী বলেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রমণ এবং সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলোতে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হবে। পরবর্তীতে দেশের অন্যান্য শহরেও এ সেবা সম্প্রসারণ করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোর কার্যক্রম সীমিত হয়ে পড়ে। এর ফলে প্রায় ২১ মাস ধরে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা কার্যত বন্ধ ছিল। এ সময়ে মেডিকেলসহ কিছু বিশেষ ক্যাটাগরির ভিসা সীমিত পরিসরে দেওয়া হলেও পর্যটন ভিসা চালু ছিল না।

নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com