ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১:৪৪ এএম
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজম প্ল্যাটফর্ম ‘সঞ্জীবনী ২০২৬’-এ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশন। আয়োজকদের দাবি, এটি বাংলাদেশের প্রথম ও একমাত্র সরকারি অনুমোদিত মেডিকেল ট্যুরিজম ফাউন্ডেশন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বের ৩৯টি দেশের শীর্ষস্থানীয় মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান, হাসপাতাল, স্বাস্থ্যসেবা সংস্থা ও সংশ্লিষ্ট শিল্পের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনটির আন্তর্জাতিক পরিচয় তুলে ধরেন এর প্রেসিডেন্ট মোহাম্মদ মুরাদ হোসাইন।
ফাউন্ডেশনের লক্ষ্য হলো বাংলাদেশে একটি শক্তিশালী, মানসম্মত ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত মেডিকেল ট্যুরিজম ব্যবস্থা গড়ে তোলা। রোগী সহায়তা, স্বাস্থ্যসেবা সহযোগিতা, দক্ষতা উন্নয়ন, মেডিকেল ভ্যালু ট্রাভেল এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা সক্ষমতাকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরতে কাজ করবে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মো. শাহাদাত রশিদ (আপন), গভর্নিং বোর্ডের সদস্য কাসরুল হক খান, মুশফিকুর রহমান, নিশাত দিনা, ফজলে এলাহী ও রবিন লালসহ অন্য সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যসেবা ও সেবা রপ্তানি খাতের উন্নয়ন এবং আন্তর্জাতিকীকরণে অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে কয়েকজন ভারতীয় স্বাস্থ্যসেবা নেতাকে সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে ছিলেন সার্ভিসেস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের চেয়ারপারসন ড. উপাসনা অরোরা, ডিরেক্টর জেনারেল ড. অভয় সিনহা এবং সিনিয়র ডিরেক্টর চন্দ্রাংশু আওয়াস্তি।
ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, সঞ্জীবনী ২০২৬-এ অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম খাতে আন্তর্জাতিক সহযোগিতা, বিনিয়োগ, জ্ঞান বিনিময় ও প্রযুক্তিগত অংশীদারিত্বের নতুন সুযোগ তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ মেডিকেল ভ্যালু ট্রাভেল ও স্বাস্থ্যসেবা হাব হিসেবে প্রতিষ্ঠা করতে চায় ফাউন্ডেশনটি।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত