ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৬ অগাস্ট ২০২৬ | ৫:৩৯ এএম
রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা বিমানবন্দর হোটেলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চীনা খাবার ও সংস্কৃতির উৎসব ‘ইমপেরিয়াল ফ্লেভার্স অব চায়না’। ১৩ আগস্ট শুরু হওয়া এ আয়োজন চলবে ১৯ আগস্ট পর্যন্ত।
আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের এই হোটেলের মজাইক রেস্তোরাঁয় উৎসব উপলক্ষে পরিবেশন করা হচ্ছে চীনের ঐতিহ্যবাহী নানা পদ, এশীয় খাবার ও বিশেষ ধরনের মিষ্টান্ন। হোটেলের রন্ধনশিল্পীদের তত্ত্বাবধানে সাজানো হয়েছে এ বিশেষ খাবারের আয়োজন।
উৎসবের খাবারের তালিকায় রয়েছে মা লাই গো, জিয়ান দুই বা তিলের বল, চীনা ডিমের টার্ট, ঐতিহ্যবাহী মুনকেক, এইট-ট্রেজার রাইস পুডিং, লিচুসহ আমন্ড জেলি এবং চীনা কলার ফ্রিটারসহ বিভিন্ন জনপ্রিয় পদ।
চীনা খাবারের পাশাপাশি উৎসবে থাকছে এশিয়ার অন্যান্য দেশের কিছু জনপ্রিয় পদও। এর মধ্যে রয়েছে থাই নারকেল-আঠালো ভাত ও আম, আম ও পোমেলোসহ নারকেল ট্যাপিওকা পুডিং এবং ফাইভ-স্পাইস চকলেট শিফন কেক।
খাবারের আয়োজনের পাশাপাশি সপ্তাহজুড়ে থাকছে চীনা সংস্কৃতির নানা পরিবেশনা। এর মধ্যে ড্রাগন নৃত্যসহ ঐতিহ্যবাহী বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অতিথিদের জন্য উৎসবের আবহ তৈরি করবে।
১৩ আগস্ট এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এয়ার চায়নার স্টেশন ম্যানেজার সান শিন। এ সময় ক্রাউন প্লাজা ঢাকা বিমানবন্দর ও এয়ার চায়নার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আইএইচজি সাউথওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং ক্রাউন প্লাজা ঢাকা বিমানবন্দর ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা বিমানবন্দরের ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বানি নায়ার বলেন, এটি শুধু খাবারের আয়োজন নয়; বরং চীনা খাবার, সংস্কৃতি ও ঐতিহ্যকে ঘিরে অতিথিদের জন্য একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা তৈরির উদ্যোগ।
তিনি বলেন, ঐতিহ্যবাহী খাবার, চীনের স্বতন্ত্র স্বাদ ও সাংস্কৃতিক পরিবেশনা একসঙ্গে যুক্ত করে অতিথিদের জন্য উৎসবটি আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে।
উৎসবের বিমান পরিবহন অংশীদার ইউএস-বাংলা এয়ারলাইনস আয়োজনের অংশ হিসেবে ঢাকা-গুয়াংজু রুটে যাওয়া-আসার একটি বিমান টিকিট দিচ্ছে।
এ আয়োজনের ব্যাংকিং অংশীদার এনসিসি ব্যাংক। এছাড়া এনসিসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংকসহ অংশগ্রহণকারী কয়েকটি ব্যাংকের নির্দিষ্ট কার্ড ব্যবহার করে ‘ডাইন ৪, পে ১’ সুবিধা পাওয়া যাবে। তবে এ ক্ষেত্রে প্রযোজ্য শর্ত ও নিয়ম কার্যকর থাকবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত