প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ৫:১৭ এএম
কুয়ালালামপুর থেকে সৌদি আরবের জেদ্দাগামী মালয়েশিয়া এয়ারলাইনসের একটি যাত্রীবাহী উড়োজাহাজে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়েছে। উড়োজাহাজটিতে ১৮৬ জন যাত্রী ও ক্রু ছিলেন। সবাই নিরাপদে আছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ-১৫৬ ফ্লাইটটির ২ নম্বর ইঞ্জিনে ত্রুটির সংকেত পান পাইলট। পরিস্থিতি বুঝতে পেরে তিনি দ্রুত চেন্নাই বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান।
এরপর বিকেল ৪টা ৭ মিনিটে বিমানবন্দর কর্তৃপক্ষ ‘ফুল ইমার্জেন্সি’ ঘোষণা করে। রানওয়ের পাশে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস, নিরাপত্তাকর্মী ও অ্যাম্বুলেন্স।
নির্ধারিত সময়ের কয়েক মিনিট পর, বিকেল ৪টা ৪৪ মিনিটে এয়ারবাস এ৩৩০-২০০ উড়োজাহাজটি চেন্নাই বিমানবন্দরের ৪৫ নম্বর বে-তে নিরাপদে অবতরণ করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি অবতরণ প্রক্রিয়ায় কোনো সমস্যা হয়নি এবং উড়োজাহাজের সব আরোহী নিরাপদে আছেন।
অবতরণের পর উড়োজাহাজটির ইঞ্জিনে ত্রুটির কারণ অনুসন্ধানে কারিগরি পরীক্ষা শুরু হয়েছে। যাত্রীদের জেদ্দায় পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত