ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৬ জুন ২০২৬ | ৪:২৬ এএম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় বিমানটিতে থাকা ৮ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ঘাঁটি কর্তৃপক্ষ।
স্থানীয় সময় সোমবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিমানটি নিয়মিত পরীক্ষামূলক মিশনের অংশ হিসেবে রানওয়ে থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ঘাঁটির ভেতরেই আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বিস্ফোরণের পর পুরো এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।
ঘাঁটির বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ভেতরে থাকা পাইলটসহ ৮ জন আরোহীর কেউই বেঁচে ফিরতে পারেননি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিমানটির প্রযুক্তিগত ত্রুটি, যান্ত্রিক সমস্যা বা অন্যান্য সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর এডওয়ার্ডস ঘাঁটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বাইরে থাকা সামরিক উড়োজাহাজগুলোকে নিরাপত্তার স্বার্থে অন্য ঘাঁটিতে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বি-৫২ বোমারু বিমান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি কৌশলগত ভারী বোমারু বিমান। এটি দীর্ঘপাল্লার অভিযান পরিচালনা, ভারী অস্ত্র বহন এবং পারমাণবিক সক্ষমতার জন্য পরিচিত। ১৯৫০-এর দশক থেকে এটি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
এ ঘটনায় পুরো ঘাঁটিতে শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত শেষে বিস্তারিত কারণ জানানো হবে বলে জানিয়েছে মার্কিন বিমানবাহিনী।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত