প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ২:৫০ এএম
রাশিয়ার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কৌশলগত বোমারু বিমান তুপোলেভ টিইউ-৯৫ প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে চীন সীমান্তের কাছে একটি জনবসতিহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ইউক্রেনকা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর ক্রাসনোইয়ারোভো শহরের কাছে বিমানটি দুর্ঘটনার শিকার হয়।
বিধ্বস্ত হওয়ার পর বিমানটির জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। তবে দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো গোলাবারুদ ছিল না বলে জানিয়েছে রাশিয়া।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার তদন্তে রুশ অ্যারোস্পেস ফোর্সেসের একটি বিশেষ কমিশন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে বিধ্বস্ত বিমান থেকে ব্যাপক ধোঁয়া ও আগুনের দৃশ্য দেখা গেছে। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
তুপোলেভ টিইউ-৯৫ রাশিয়ার অন্যতম পুরোনো কৌশলগত বোমারু বিমান। সোভিয়েত আমলে তৈরি এই বিমান প্রথম উড্ডয়ন করে ১৯৫২ সালে এবং ১৯৫৬ সালে রুশ সামরিক বাহিনীতে যুক্ত হয়। পারমাণবিক অস্ত্র বহন ও দূরপাল্লার হামলা চালানোর সক্ষমতার কারণে বিমানটি এখনও রাশিয়ার কৌশলগত সামরিক বহরের গুরুত্বপূর্ণ অংশ।
রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে এর আগেও একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০২৫ সালের জুলাইয়ে তিন্দা শহরের কাছে একটি আন্তোনভ এএন-২৪ বিমান বিধ্বস্ত হয়ে ৪৮ আরোহীর সবাই নিহত হন। ২০২১ সালের আগস্টে কামচাটকা উপদ্বীপে একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৬ আরোহীর মধ্যে অধিকাংশই নিহত হন।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত