প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ৩:১২ এএম
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই জেনারেলসহ ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির সামরিক বাহিনী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কিকউইট শহর থেকে রাজধানী কিনশাসায় যাওয়ার পথে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গে এলাকায় জরুরি অবতরণের চেষ্টা করেন পাইলট।
তবে ওই এলাকায় কোনো রানওয়ে না থাকায় বিমানটি একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।
কঙ্গো সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেনগে এবং কোয়াঙ্গোর ডেপুটি গভর্নর রেমি সাকি বোকিন্দা নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে সামরিক কর্মকর্তা ছাড়াও সরকারি প্রতিনিধিদলের সদস্য ও কয়েকজন বেসামরিক নাগরিক ছিলেন। আগুনে ১২ জনের মরদেহ গুরুতরভাবে পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। পাইলটের মরদেহ বিমানটির ধ্বংসাবশেষের বাইরে পাওয়া যায়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কথা বলা হলেও দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত