ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬ | ৪:১৭ এএম
চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবন সিআইটিআইসি টাওয়ারে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নতুন তথ্য প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। তাদের দাবি, উড়োজাহাজটির পাইলট দীর্ঘদিন ধরে মানসিক অবসাদ ও অনিদ্রায় ভুগছিলেন। তদন্তে তার ব্যক্তিগত ডায়েরিতে আত্মহত্যার ইঙ্গিত পাওয়া গেছে।
গত শুক্রবার বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে ৫২৮ মিটার উঁচু সিআইটিআইসি টাওয়ারে দুই আসনের একটি ছোট উড়োজাহাজ আছড়ে পড়ে। এতে ভবনের ওপরের অংশের কাচ ক্ষতিগ্রস্ত হয় এবং নিচের দিকে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, ভবনটি চীনের শীর্ষ নেতাদের আবাসিক এলাকার মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত। ফলে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও কীভাবে একটি উড়োজাহাজ ওই এলাকায় প্রবেশ করে ভবনে আঘাত হানল, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
স্থানীয় সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, নিহত ৬৬ বছর বয়সী পাইলট লিউ বিবাহবিচ্ছেদের পর বেইজিংয়ে একা বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি অনিদ্রা ও হতাশায় ভুগছিলেন। তদন্তকারীরা তার ডায়েরিতে জীবন শেষ করে দেওয়ার ইচ্ছার উল্লেখ পেয়েছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত মানসিক সংকট থেকেই তিনি এই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন।
কর্তৃপক্ষ আরও জানায়, লিউ পেশায় একজন ফ্রিল্যান্সার ছিলেন এবং বৈধভাবে উড়োজাহাজ চালানোর লাইসেন্সধারী ছিলেন। ঘটনার দিন তিনি একাই ছোট উড়োজাহাজটি উড্ডয়ন করেন। উড্ডয়নের কিছু সময় পর তিনি নির্ধারিত রুট থেকে সরে যান এবং বিমান নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই উড়োজাহাজটি সিআইটিআইসি টাওয়ারে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করে এবং সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট থেকে এ ঘটনার ছবি ও ভিডিও দ্রুত সরিয়ে ফেলা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত