প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪:৩৫ এএম
ভারতের গুয়াহাটি থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে লেজের অংশ আঘাত করেছে। রোববার এ৩২১ নিও মডেলের উড়োজাহাজটিতে এ ঘটনা ঘটে।
ইন্ডিগোর এক মুখপাত্র জানান, অবতরণের সময় দমকা বাতাসের কারণে উড়োজাহাজটি অস্বাভাবিকভাবে রানওয়ে স্পর্শ করে। পাইলট পরিস্থিতি সামলে দ্বিতীয় প্রচেষ্টায় বিমানটি নিরাপদে অবতরণ করান। পরে যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে উড়োজাহাজ থেকে নেমে যান।
ঘটনার পর উড়োজাহাজটি সাময়িকভাবে গ্রাউন্ডেড করা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও রক্ষণাবেক্ষণ শেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর এটি আবার পরিচালনায় আনা হবে বলে জানিয়েছে ইন্ডিগো। নিয়ম অনুযায়ী ঘটনাটি বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএকেও জানানো হয়েছে।
ডিজিসিএ ঘটনাটির তদন্ত শুরু করেছে। বিশেষ করে ইন্ডিগোর এ৩২১ মডেলের উড়োজাহাজে সাম্প্রতিক সময়ে একই ধরনের ঘটনা ঘটায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এর আগে গত মাসে দিল্লি থেকে গোরখপুরগামী ইন্ডিগোর ৬ই ২৩৮১ ফ্লাইটেও টেইল স্ট্রাইকের ঘটনা ঘটে। গোরখপুর বিমানবন্দরে অবতরণের সময় পাইলট সতর্কতামূলকভাবে গো-অ্যারাউন্ড পদ্ধতি অনুসরণ করেন। পরে রুটিন পরিদর্শনে উড়োজাহাজটির গায়ে হালকা আঁচড় শনাক্ত হলে সেটি সাময়িকভাবে গ্রাউন্ডেড করে রক্ষণাবেক্ষণে পাঠানো হয়।
পরপর এমন ঘটনা উড়োজাহাজের অবতরণ প্রক্রিয়া, আবহাওয়া পরিস্থিতি এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়গুলো নিয়ে নতুন করে নজরদারি বাড়িয়েছে। তদন্ত শেষে বর্তমান ঘটনার কারণ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত