নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ২:৪১ এএম
আগামী ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত তিন দিনব্যাপী এ মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
বিটিটিএফে দেশ-বিদেশের পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, হোটেল-রিসোর্ট, এয়ারলাইন্সসহ পর্যটন খাতের বিভিন্ন অংশীজন অংশ নেবেন।
মেলার আনুষ্ঠানিক ঘোষণা ও আয়োজনের বিস্তারিত জানাতে সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করেছে টোয়াব। এতে মেলার সময়সূচি, নিশ্চিত ও সম্ভাব্য অংশগ্রহণকারী, অতিথি, স্পনসর এবং অংশগ্রহণের বিভিন্ন সুযোগ তুলে ধরা হবে। পাশাপাশি মেলাকে কেন্দ্র করে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও জানানো হবে।
অনুষ্ঠানে টোয়াবের পরিচালনা পর্ষদের সদস্য, বিটিটিএফ আয়োজক কমিটির সদস্য, পর্যটন খাতের বিভিন্ন অংশীজন, স্পনসর, অংশীদার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ।
আয়োজকরা জানান, বিটিটিএফ ২০২৬ বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। মেলার মাধ্যমে দেশের পর্যটন গন্তব্য, সেবা ও সুযোগ-সুবিধা বিদেশি পর্যটক এবং আন্তর্জাতিক পর্যটন ব্যবসায়ীদের কাছে তুলে ধরা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের সঙ্গে বাংলাদেশের পর্যটনশিল্পের যোগাযোগ আরও জোরদারের উদ্যোগ নেওয়া হবে।
বিটিটিএফ ২০২৬ আয়োজনে সহযোগিতা করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং এফবিসিসিআই।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত