ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | ১১:৪০ পিএম
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, আধুনিক বিমানবন্দর অবকাঠামো, উন্নত যাত্রীসেবা এবং আন্তর্জাতিক আকাশপথ সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক সংযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত ‘Saudia and HSBC: Powering Global Connectivity—Celebrating Saudia’s Journey in Bangladesh’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
আফরোজা খানম বলেন, বর্তমান সরকারের লক্ষ্য বাংলাদেশকে এমন একটি এভিয়েশন হাবে পরিণত করা, যা দক্ষিণ এশিয়াকে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করবে। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক এয়ারলাইন্স, আর্থিক প্রতিষ্ঠান ও কৌশলগত বিনিয়োগকারীদের সহযোগিতা কামনা করেন তিনি।
বাংলাদেশে সৌদিয়ার ৪৬ বছরের কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি লাখো যাত্রীর ভ্রমণ সহজ করার পাশাপাশি প্রবাসী কর্মী এবং হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্ভরযোগ্য সেবা দিয়ে আসছে। এর মাধ্যমে সৌদিয়া বাংলাদেশ ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করেছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার) তানভীর গনি, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে জাফের ইবনে উবাইয়া, বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং সৌদিয়া ও এইচএসবিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং বৈশ্বিক সংযোগ আরও সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত