ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ | ৩:১৮ পিএম
দেশের বেসামরিক বিমান চলাচল খাত সম্পর্কে সাংবাদিকদের কারিগরি জ্ঞান ও ধারণা বাড়াতে ‘বেসামরিক বিমান চলাচল ও এয়ার ট্রাফিক অপারেশন’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি)।
সোমবার (২০ জুলাই) রাজধানীর কুর্মিটোলায় সিএএবির প্রধান কার্যালয়ে জনসংযোগ বিভাগের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএএবির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফা মাহমুদ সিদ্দিক।
কর্মশালায় সিএএবির সদস্য (অপারেশনস ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান একটি উপস্থাপনায় সিএএবির দায়িত্ব, বিমানবন্দর পরিচালনা, যাত্রীসেবা, উড়োজাহাজ নিরাপত্তা এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) মান ও সুপারিশ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এয়ারসাইড ও ল্যান্ডসাইড কার্যক্রম এবং আধুনিক এয়ার ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন দিকও ব্যাখ্যা করেন।
সিএএবির সদস্য (প্রশাসন) মোহাম্মদ লাবলুর রহমান হজযাত্রীদের সেবা উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এর মধ্যে ছিল যাত্রী উন্নয়ন, নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়ন ফি মওকুফ, জমজমের পানি বিতরণ, নামাজের স্থান, বিশুদ্ধ পানীয় জল, স্যানিটেশন সুবিধা, ট্রলি, হুইলচেয়ার, সারিব্যবস্থাপনা, মশা নিয়ন্ত্রণ এবং অবকাঠামো উন্নয়ন।
এ ছাড়া সিএএবির সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এয়ার কমোডর মো. নূর-ই-আলম এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি), এয়ার ট্রাফিক ফ্লো ম্যানেজমেন্ট, নেভিগেশন সহায়ক ব্যবস্থা, ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস), এয়ারফিল্ড লাইটিং, প্রতিবন্ধকতা নিয়ন্ত্রণ এলাকা, বিমানবন্দর পরিচালনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলা নিয়ে পৃথক একটি সেশন পরিচালনা করেন।
সমাপনী বক্তব্যে চেয়ারম্যান মোস্তাফা মাহমুদ সিদ্দিক বলেন, বেসামরিক বিমান চলাচল একটি অত্যন্ত কারিগরি ও বিশেষায়িত খাত। তাই এ খাতে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের সঠিক ধারণা থাকা জরুরি। এই কর্মশালার মাধ্যমে বিমানবন্দর পরিচালনা, এয়ার ট্রাফিক অপারেশন, যাত্রীসেবা ও বিমান নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের বাস্তবভিত্তিক জ্ঞান আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কর্মশালার শেষে প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা বিভিন্ন বিমান চলাচল–সংশ্লিষ্ট বিষয়ে সিএএবি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত