ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ৫:৪৮ এএম
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে বন্ধ হয়ে যাওয়া ইন্দোনেশিয়ার আটটি বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। অগ্ন্যুৎপাতের তীব্রতা কমে আসার পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর থেকে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টাসহ বিমানবন্দরগুলো খুলে দেওয়া হয়। এতে কয়েক দিন ধরে বিমানবন্দরে আটকে থাকা ৩ লাখ ৪০ হাজারের বেশি যাত্রীর মধ্যে স্বস্তি ফিরেছে।
ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় মঙ্গলবার ভোরে এক বিবৃতিতে আটটি বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমেও এ তথ্য জানানো হয়।
এর আগে গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে হঠাৎ সক্রিয় হয়ে ওঠে সুন্দা প্রণালিতে অবস্থিত আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরি। জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝখানে অবস্থিত এই আগ্নেয়গিরি থেকে ব্যাপক পরিমাণে গ্যাস, লাভা ও ছাই বের হতে থাকে। অগ্ন্যুৎপাতের ছাইয়ে জাকার্তাসহ ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ এলাকা ঢেকে যায়।
আগ্নেয়গিরির তৎপরতার সঙ্গে বিভিন্ন এলাকায় ঘন ঘন মৃদু ভূকম্পনও অনুভূত হয়। জাকার্তা, পূর্ব জাভা, পশ্চিম জাভা ও সুমাত্রার বিভিন্ন অঞ্চলে এর প্রভাব পড়ে। পরিস্থিতি বিবেচনায় রোববার থেকে সোয়েকার্নো-হাট্টাসহ আটটি বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ করে দেয় ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়।
ফ্লাইট চলাচল বন্ধ থাকায় প্রায় ৩ হাজার ফ্লাইট বাতিল হয়। এর ফলে বিমানবন্দরগুলোতে আটকা পড়েন প্রায় ৩ লাখ ৪০ হাজার যাত্রী। তাদের বড় একটি অংশ ছিলেন আন্তর্জাতিক রুটের যাত্রী। বিশেষ করে সিঙ্গাপুর, দোহা, সিডনি ও কুয়ালালামপুরগামী যাত্রীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য।
অগ্ন্যুৎপাতের তীব্রতা কমে আসায় মঙ্গলবার ভোরে বিমানবন্দরগুলোতে আবার ফ্লাইট চলাচল শুরু হয়েছে। ফলে আটকে থাকা যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর পথও খুলেছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত