ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ | ১১:২৫ এএম
আন্তর্জাতিক ভ্রমণবাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে লন্ডনের বিশ্ব ভ্রমণবাজার প্রদর্শনীতে (ডব্লিউটিএম) উন্নত কেবিনসেবা ও মালয়েশীয় আতিথেয়তা তুলে ধরবে মালয়েশিয়া এয়ারলাইনস। আগামী ৩ থেকে ৫ নভেম্বর লন্ডনের এক্সেল প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ আয়োজনে আধুনিক উড়োজাহাজের অভ্যন্তরীণ সুবিধা, বিভিন্ন শ্রেণির কেবিন এবং যাত্রীসেবার অভিজ্ঞতা প্রদর্শন করবে বিমান সংস্থাটি।
এবারের ডব্লিউটিএমে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় প্রদর্শনী স্টল স্থাপন করতে যাচ্ছে মালয়েশিয়া এয়ারলাইনস। দুই তলাবিশিষ্ট স্টলটির আয়তন হবে ৩৯৭ দশমিক ৫ বর্গমিটার। সেখানে বিমান সংস্থাটির বিভিন্ন কেবিনের সুবিধা তুলে ধরার পাশাপাশি কর্মীদের মাধ্যমে মালয়েশীয় আতিথেয়তার অভিজ্ঞতাও উপস্থাপন করা হবে।
প্রদর্শনীতে দর্শনার্থীরা এ৩৫০ বিজনেস স্যুইট, এ৩৫০ বিজনেস ক্লাস, এ৩৩০নিও বিজনেস ক্লাস এবং এ৩৩০নিও ইকোনমি ক্লাসের সুবিধা সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি ভার্চ্যুয়াল রিয়্যালিটি প্রযুক্তির মাধ্যমে এ৩৩০নিও উড়োজাহাজের কেবিন ঘুরে দেখার সুযোগ থাকবে।
বিমান সংস্থাটির ঐতিহ্য ও ক্রীড়াঙ্গনের সঙ্গে অংশীদারত্ব তুলে ধরতে থাকবে বিশেষ আয়োজন। এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড ও মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে সংশ্লিষ্ট প্রদর্শনী রয়েছে। দর্শনার্থীদের জন্য রাখা হবে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ছবি তোলার বুথও। নির্বাচিত গুরুত্বপূর্ণ অতিথিদের দেওয়া হবে বিশেষভাবে তৈরি বাটিক নকশার লাগেজ ট্যাগ।
প্রদর্শনী স্টলের ওপরের তলায় আমন্ত্রিত অতিথিদের জন্য একটি বিশেষ লাউঞ্জ থাকবে। সেখানে বিমান চলাচল ও ভ্রমণশিল্পের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়া এভিয়েশন গ্রুপের কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির এয়ারলাইন বিজনেস বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান ফুং এবং প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ডারসেনিশ আরেসান্দিরানের উপস্থিত থাকার কথা রয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত