ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ৩:০৯ এএম
বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন ব্যবস্থায় বাংলাদেশি পর্যটকদের সাধারণ ভ্রমণের ক্ষেত্রে এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রযোজ্য হবে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ঘোষণায় বলা হয়েছে, গত ১ সেপ্টেম্বর থেকে সব দেশের নাগরিকদের জন্য ঢালাওভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া বন্ধ করা হয়েছে। দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা নতুন এই বিধিনিষেধের আওতায় পড়েছেন।
তবে ব্যবসা, চিকিৎসা, ফ্লাই অ্যান্ড ক্রুজ এবং ওয়েডিং ট্যুরিজমের মতো নির্দিষ্ট ভ্রমণ উদ্দেশ্যে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে।
ইমিগ্রেশন বিভাগের নতুন নীতিটি ভিজিট বা সামাজিক ভ্রমণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি ও অন্যান্য বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট বা কর্মসংক্রান্ত ভিসার ওপর এর কোনো প্রভাব নেই।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত