প্রকাশ : ৩০ অগাস্ট ২০২৬ | ৭:১৫ এএম
নেপালের রাজধানী কাঠমান্ডুতে বৈরী আবহাওয়ার কারণে অবতরণ করতে না পেরে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট দুই দফায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।
শনিবার চীনের কুনমিং বিমানবন্দর থেকে ১১৬ জন যাত্রী ও ক্রু নিয়ে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি। নেপালের আকাশসীমায় পৌঁছানোর পর কাঠমান্ডু বিমানবন্দরের আশপাশের আবহাওয়া চরম প্রতিকূল হয়ে ওঠে।
দীর্ঘক্ষণ আকাশে চক্কর দেওয়ার পরও অবতরণের নিরাপদ পরিবেশ তৈরি না হওয়ায় নিয়ন্ত্রণ কক্ষের নির্দেশে ফ্লাইটটি ঢাকার দিকে ফিরিয়ে দেওয়া হয়। বিকেল সোয়া ৫টার দিকে ঢাকায় নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি।
পরে কাঠমান্ডুর আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখা দিলে প্রয়োজনীয় জ্বালানি ও প্রস্তুতি শেষে ফ্লাইটটি আবারও ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করে। কিন্তু দ্বিতীয়বারও কাঠমান্ডুর আকাশসীমায় পৌঁছে বৈরী আবহাওয়ার মুখে পড়ে এটি।
অবতরণের একাধিক চেষ্টা ব্যর্থ হওয়ার পর রাতে ফ্লাইটটিকে আবার ঢাকায় ফিরিয়ে আনা হয়। রাত সাড়ে ১১টার দিকে দ্বিতীয়বারের মতো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি।
হঠাৎ এমন পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হলেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রাতে ১১৬ জন যাত্রী ও ক্রুর থাকার জন্য রাজধানীর বিভিন্ন হোটেলে সাময়িক আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে বিমানবন্দরের অভিবাসন ও নিরাপত্তা সংস্থাগুলোর সহায়তায় যাত্রীদের প্রয়োজনীয় নথিপত্র ও ছাড়পত্রের কাজ সম্পন্ন করা হয়।
আবহাওয়া স্বাভাবিক হলে পরবর্তী সুবিধাজনক সময়ে ফ্লাইটটি আবারও কাঠমান্ডুর উদ্দেশে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত