নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১:৫৮ পিএম
মাদক ও অস্ত্রের চোরাচালান ঠেকাতে দেশের সব বিমানবন্দর, মোংলা নৌবন্দর ও বাস টার্মিনালে স্ক্যানার ও এক্স-রে মেশিন বসানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী পাঁচ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় এসব আধুনিক সরঞ্জাম স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. তাজউদ্দীন খানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে শক্তিশালী করতে জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে সার্কেল স্থাপনের লক্ষ্যে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের কাজ চলছে। পাশাপাশি জেলা পর্যায়ে নতুন অফিস ভবন নির্মাণের কার্যক্রমও প্রক্রিয়াধীন।
চলতি অর্থবছরে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে অতিরিক্ত যানবাহন, বডি ওর্ন ক্যামেরা ও আধুনিক সরঞ্জাম কেনা হবে। সারাদেশে রাসায়নিক পরীক্ষাগার স্থাপনের কাজও দ্রুত শুরু করার পরিকল্পনা রয়েছে।
মাদক ও অবৈধ অস্ত্রের চোরাচালানের অর্থনৈতিক নেটওয়ার্ক ভাঙতে মানিলন্ডারিংবিরোধী অভিযান জোরদারের কথাও জানান মন্ত্রী। একই সঙ্গে ডগ স্কোয়াড, ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার নিরাপত্তা ইউনিটের মাধ্যমে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব উদ্যোগের মাধ্যমে মাদক ও অস্ত্র চোরাচালান শনাক্ত এবং প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়বে। সীমান্তবর্তী মেহেরপুর-১ আসনসহ দেশের বিভিন্ন এলাকায় প্রয়োজন অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল, যানবাহন ও আধুনিক সরঞ্জামও বাড়ানো হবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত