, , ,

৩ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৬ | ১২:৪৯ পিএম

৩ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট

আন্তর্জাতিক পর্যটন শিল্পের সঙ্গে বাংলাদেশের সংযোগ জোরদার এবং বৈশ্বিক পর্যটন মানচিত্রে দেশের অবস্থান আরও শক্তিশালী করতে আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬।

শনিবার (১১ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া)-এর সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ।

তিনি জানান, বোটোয়ার আয়োজনে অনুষ্ঠিত এই ট্রাভেল মার্টে স্বাগতিক বাংলাদেশসহ ২০টি দেশের ১৩০টির বেশি প্রদর্শক, শতাধিক পর্যটন খাতের অংশীজন এবং প্রায় ১৫ হাজার দর্শনার্থীর অংশগ্রহণের আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বোটোয়ার সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ, সিনিয়র সহ-সভাপতি মহসিন ইকবাল, সহ-সভাপতি এ কে এম কামরুজ্জামানসহ সংগঠনের পরিচালকরা উপস্থিত ছিলেন।

সৈয়দ গোলাম মোহাম্মদ বলেন, সরকারের নীতিগত সহায়তা, বেসরকারি বিনিয়োগ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির ফলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় পর্যটন গন্তব্য হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ও আতিথেয়তাকে বিশ্বদরবারে তুলে ধরতেই এ আয়োজন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬ দেশের পর্যটন, ভ্রমণ ও এভিয়েশন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে এবং আন্তর্জাতিক পর্যটন খাতের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক আরও সম্প্রসারিত করবে।

বোটোয়ার সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, সংগঠনটি আউটবাউন্ড পর্যটনের পাশাপাশি ইনবাউন্ড পর্যটন সম্প্রসারণ, বিদেশি পর্যটক আকর্ষণ, পর্যটন খাতে বিনিয়োগ বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়ে কাজ করছে। ট্রাভেল মার্ট সেই লক্ষ্য বাস্তবায়নের অন্যতম বড় উদ্যোগ।

ট্রাভেল মার্টের চিফ কো-অর্ডিনেটর মহসিন ইকবাল জানান, এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ হলো প্রথমবারের মতো বিজনেস-টু-বিজনেস (বিটুবি) এবং বিজনেস-টু-কনজ্যুমার (বিটুসি) কার্যক্রম পৃথক দুটি হলে অনুষ্ঠিত হবে। এছাড়া বাংলাদেশের ট্রাভেল ফেয়ারের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক হোস্টেড বায়ারদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

তার ভাষ্য, এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন বোর্ড, এয়ারলাইন্স, হোটেল, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সিগুলোর মধ্যে নতুন ব্যবসায়িক সংযোগ, নেটওয়ার্কিং ও অংশীদারত্বের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি আন্তর্জাতিক বায়ার-সেলার বৈঠক, ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং পর্যটন, হসপিটালিটি ও এভিয়েশন খাতে বিনিয়োগ ও বাজার সম্প্রসারণের নতুন দ্বার উন্মোচিত হবে।

আয়োজকরা জানান, বিটুসি প্ল্যাটফর্মে সাধারণ দর্শনার্থীরা দেশি-বিদেশি ভ্রমণ প্যাকেজ, বিমান টিকিট, হোটেল বুকিং, ভিসা সেবা, বিশেষ ট্রাভেল অফার এবং বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্য সম্পর্কে সরাসরি তথ্য ও আকর্ষণীয় অফার পাওয়ার সুযোগ পাবেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com