, , ,

শিরোনাম
ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের জরুরি অবতরণ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ শাহজালালে হঠাৎ বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবেন বাংলাদেশিরা ট্রানজিট ভিসায় দালালের প্রতারণা থেকে সতর্ক করল ভারতীয় হাইকমিশন বিমানের ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, টেকনিক্যাল হেলপার আটক

ঢাকায় উদ্বোধন হলো টার্কিশ এয়ারলাইন্স অ্যাক্টিভপালস হাফ ম্যারাথনের দ্বিতীয় আসর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ অগাস্ট ২০২৬ | ৩:০৯ পিএম

ঢাকায় উদ্বোধন হলো টার্কিশ এয়ারলাইন্স অ্যাক্টিভপালস হাফ ম্যারাথনের দ্বিতীয় আসর

রাজধানীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে টার্কিশ এয়ারলাইন্স অ্যাক্টিভপালস ইন্টারন্যাশনাল হাফ ম্যারাথন ২০২৬-এর দ্বিতীয় আসর। বৃহস্পতিবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, ক্রীড়াবিদ ও দৌড়বিদরা উপস্থিত ছিলেন।

আগামী ১৮ সেপ্টেম্বর রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা। এতে প্রায় সাড়ে তিন হাজার দৌড়বিদ অংশ নেবেন। টানা দ্বিতীয়বারের মতো আয়োজনটির পৃষ্ঠপোষকতায় রয়েছে টার্কিশ এয়ারলাইন্স। এবারের প্রতিপাদ্য ‘রান দ্য ওয়ার্ল্ড’। বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্ব আরও দৃঢ় করার পাশাপাশি বিভিন্ন সংস্কৃতির মধ্যে সংযোগ তৈরির লক্ষ্য নিয়েই আয়োজনটি করা হচ্ছে।

অনুষ্ঠানে ২০২৬ সালের অংশীদার প্রতিষ্ঠানগুলোর পরিচয় তুলে ধরা হয়। একই সঙ্গে প্রথমবারের মতো উন্মোচন করা হয় প্রতিযোগিতার অফিশিয়াল রেস টি-শার্ট ও ফিনিশার মেডেল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি সুস্থ ও কর্মক্ষম সমাজ গঠনে নিয়মিত শরীরচর্চা, হাঁটা ও দৌড়ের গুরুত্ব তুলে ধরেন। এ ধরনের গণঅংশগ্রহণমূলক আয়োজন মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধেও ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

স্বাগত বক্তব্যে টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে এবং অ্যাক্টিভপালস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান আয়োজনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

ইসলাম গুরে বলেন, খেলাধুলা এমন একটি শক্তিশালী মাধ্যম, যা ভৌগোলিক সীমারেখা পেরিয়ে মানুষ ও সংস্কৃতিকে একত্র করতে পারে। বাংলাদেশ ও তুরস্কের মানুষের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা এবং বাংলাদেশের ক্রমবর্ধমান দৌড়প্রেমী সম্প্রদায়ের পাশে থাকার প্রত্যয়ও জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ। এ ছাড়া বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে বক্তব্য দেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতাটি এআইএমএসের সদস্যভুক্ত। হাফ ম্যারাথনের ২১ দশমিক ০৯৫ কিলোমিটার কোর্সটি এআইএমএস সনদপ্রাপ্ত এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের মাধ্যমে পরিমাপকৃত। ফলে ঢাকায় আন্তর্জাতিক মানের দৌড় প্রতিযোগিতার আয়োজন নিশ্চিত করার দাবি করেছেন আয়োজকরা।

মূল আয়োজনের আগেই দুই হাজারের বেশি দৌড়বিদ নিবন্ধন করেছেন। এবার চারটি বিভাগে প্রতিযোগিতা হবে—২১ দশমিক ০৯৫ কিলোমিটার হাফ ম্যারাথন, ১৪ দশমিক ৬৪৫ কিলোমিটার চ্যালেঞ্জ রান, ৭ দশমিক ৩২১ কিলোমিটার এফএনএফ রান এবং ১ দশমিক ৫ কিলোমিটার ফান রান।

প্রতিযোগিতামূলক বিভাগে যোগ্য অ্যামেচার অ্যাথলেটদের জন্য তিন লাখ টাকার বেশি প্রাইজমানি রাখা হয়েছে। নারী ও পুরুষ বিজয়ীদের জন্য সমান প্রাইজমানি থাকবে। এবার হাফ ম্যারাথনে ৫০ বছরের বেশি বয়সীদের জন্য নতুন করে ভেটেরান বিভাগ যুক্ত হয়েছে। আর ফান রানে অংশ নেওয়া প্রত্যেক সমাপ্তকারী পাবেন স্বীকৃতি।

আয়োজকদের মতে, এই আয়োজনের লক্ষ্য শুধু পদক বা জয় নয়; বরং মানুষকে সক্রিয় জীবনযাপনে উৎসাহিত করা এবং সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলা। গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে প্রতিযোগিতাটি আয়োজন করা হচ্ছে।

আগামী ১৮ সেপ্টেম্বর হাজারো দৌড়বিদের অংশগ্রহণে হাতিরঝিলে বসবে এই আন্তর্জাতিক দৌড়ের আসর।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com