নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৬ | ৩:৫১ এএম
দেশের বিমান যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ ও আঞ্চলিক সংযোগ জোরদারের অংশ হিসেবে রাজশাহী, কক্সবাজার, যশোর ও সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়েতে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, বিমান পরিবহন খাতকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে দেশের গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিমানবন্দরগুলোকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরকে সমন্বিত যাত্রী ও লজিস্টিকস হাবে রূপান্তরের পাশাপাশি চারটি আঞ্চলিক বিমানবন্দর—রাজশাহী, কক্সবাজার, যশোর ও সৈয়দপুর—কে আন্তর্জাতিক গেটওয়েতে উন্নীত করা হবে। এতে নতুন আন্তর্জাতিক রুট চালু, যাত্রীসেবা সম্প্রসারণ এবং আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
অর্থমন্ত্রী আরও জানান, বিমানবন্দরগুলোর অবকাঠামোগত উন্নয়ন, যাত্রীসেবা আধুনিকীকরণ এবং কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধির জন্য একাধিক প্রকল্প চলমান রয়েছে। পাশাপাশি একটি সমন্বিত ডিজিটাল লজিস্টিকস প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনাও সরকারের বিবেচনায় রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, কক্সবাজার আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে এবং সৈয়দপুর উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক হাব হিসেবে ভূমিকা রাখতে সক্ষম। একইভাবে যশোর ও রাজশাহী বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হলে দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের যাত্রীদের বিদেশযাত্রা আরও সহজ হবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত