ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ | ২:৩৪ এএম
বাগেরহাটের প্রস্তাবিত খানজাহান আলী (র.) বিমানবন্দরে চীনা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিএসসির প্রতিনিধিরা প্রকল্প এলাকা পরিদর্শনের পর সন্তোষ প্রকাশ করেছেন। আনুষ্ঠানিক প্রস্তাব পেলেই তা একনেকে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (২৫ জুলাই) বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাটে প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি বলেন, বিমানবন্দরটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ, আন্তর্জাতিক বাণিজ্য এবং পর্যটন খাতে নতুন গতি আসবে।
প্রতিমন্ত্রী অভিযোগ করেন, ১৯৯৬ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পরও রাজনৈতিক কারণে প্রকল্পটি দীর্ঘদিন অবহেলিত ছিল। তবে বর্তমান সরকার এটি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, মোংলা বন্দর, ইপিজেড এবং সুন্দরবনকে ঘিরে এ অঞ্চলে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দরের প্রয়োজন দীর্ঘদিনের। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ও লাভজনক আঞ্চলিক যোগাযোগকেন্দ্রে পরিণত হতে পারে।
পরিদর্শনে চীনা প্রতিষ্ঠান সিএসসির ব্যবস্থাপনা পরিচালক মি. পিটারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত