, , ,

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৬ | ৩:৫৩ এএম

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও সমন্বিত অভিযানে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১১টা ২৪ মিনিটে কার্গো ভিলেজের ৯ নম্বর ফটক সংলগ্ন মালামাল সংরক্ষণস্থলে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে।

ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণকর্মীরা সংশ্লিষ্ট এলাকায় ধোঁয়া বের হতে দেখেন এবং দ্রুত আগুনের বিস্তার রোধে ব্যবস্থা নেন। তাদের তাৎক্ষণিক ও দক্ষ পদক্ষেপের ফলে মাত্র ১৪ মিনিটের মধ্যে, রাত ১১টা ৩৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সার্বিক কার্যক্রম তদারকি করেন।

প্রাথমিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির কারণ অনুসন্ধান এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে কাজ শুরু করেছে।

দ্রুত পদক্ষেপ ও সমন্বিত ব্যবস্থাপনার কারণে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com