ইরানের ইরানশহর বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ১
ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬ |
২:৫৬ এএম
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইরানশহর বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় একজন ফায়ারফাইটার নিহত হয়েছেন। হামলায় বিমানবন্দরের উড়োজাহাজ চলাচল ও আবহাওয়া পর্যবেক্ষণ অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এ তথ্য প্রকাশ করে।
সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের উপ-গভর্নর এবং ইরানশহরের গভর্নর জানান, স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ১২টার দিকে শহরজুড়ে পরপর চারটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে নিশ্চিত হওয়া যায়, ওই সময় ইরানশহর বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় বিমানবন্দরের উড়োজাহাজ পরিচালনা-সংক্রান্ত স্থাপনা এবং আবহাওয়া স্টেশনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও প্রকাশ করা হয়নি।
হামলার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে বিমানবন্দরে দায়িত্ব পালনরত ফায়ারফাইটার খালেদ কাদেরী হামলায় নিহত হন।
ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। একই সঙ্গে হামলার পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি ও এর প্রভাব সম্পর্কে আরও তথ্যের অপেক্ষা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।