ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | ১২:২৮ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার (২৫ জুলাই) সকালে একটি গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল প্রকল্পে যেসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হবে। ভুয়া ভেরিয়েশন, আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা—সবকিছুই খতিয়ে দেখা হবে।
তিনি বলেন, দুর্নীতির বিষয়ে কোনো ধরনের সমঝোতা বা ‘অ্যামিকেবল সেটেলমেন্ট’ হবে না। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, রাষ্ট্রের অর্থের অপব্যবহারের অভিযোগে কাউকে ছাড় দেওয়া হবে না। জবাবদিহি নিশ্চিত করেই প্রকল্প-সংশ্লিষ্ট সব অভিযোগের নিষ্পত্তি করা হবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত