ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | ১২:২১ পিএম
বাংলাদেশ ও ইউরোপের পাঁচটি দেশের কূটনৈতিক প্রতিনিধিরা বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে আলোচনা করেছেন।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক ও বেসামরিক বিমান চলাচল বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে ইউরোপীয় কূটনীতিকদের এক বৈঠকে এ আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে অংশ নেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা, ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাইবা জারিনা এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কারস্টেন। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলোর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
উভয় পক্ষ বিশেষভাবে বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং অন্যান্য কৌশলগত ক্ষেত্রেও দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
হুমায়ুন কবির আশা প্রকাশ করেন, পারস্পরিক আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব ভবিষ্যতে আরও গভীর হবে।
অন্যদিকে ইউরোপীয় কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সহযোগিতা আরও সম্প্রসারণে নিজ নিজ দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সংযোগ বৃদ্ধি এবং বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত