প্রকাশ : ২৫ অগাস্ট ২০২৬ | ১:০৮ এএম
যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসার নতুন আবেদনে ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলার পর্যন্ত ফি আরোপের প্রস্তাব করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সোমবার প্রস্তাবিত বিধিমালাটি প্রকাশ করা হয়েছে। এটি কার্যকর হলে প্রযুক্তি, শিক্ষা, গবেষণাসহ বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাবে।
গত বছর জরুরি ঘোষণার মাধ্যমে প্রথমবার ১ লাখ ডলারের এই ফি আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। তবে আদালতে এর বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার পর ফি আদায় স্থগিত করা হয়। গত জুনে এক মার্কিন বিচারক ফি-টি বেআইনি ঘোষণা করেন। বর্তমানে বিষয়টি আপিল আদালতে পর্যালোচনাধীন।
নতুন প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) প্রকাশ করেছে। এটি ফেডারেল রেজিস্টারে আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর ৩০ দিনের গণপরামর্শের সুযোগ থাকবে। চলতি বছরের শেষ নাগাদ বিধিমালাটি চূড়ান্ত হতে পারে।
এইচ-১বি কর্মসূচির আওতায় মার্কিন প্রতিষ্ঠানগুলো বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি পেশাজীবীদের নিয়োগ দিতে পারে। প্রতি বছর সাধারণ প্রার্থীদের জন্য ৬৫ হাজার এবং যুক্তরাষ্ট্রের উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসা বরাদ্দ থাকে। সাধারণত ভিসার মেয়াদ তিন থেকে ছয় বছর।
এর আগে এইচ-১বি ভিসার বিভিন্ন আবেদন ও প্রক্রিয়াকরণে কয়েক হাজার ডলার খরচ হতো। নতুন প্রস্তাব কার্যকর হলে নির্দিষ্ট নতুন আবেদনের ক্ষেত্রে ব্যয় কয়েক গুণ বেড়ে যাবে।
ট্রাম্প প্রশাসনের দাবি, এইচ-১বি ব্যবস্থার অপব্যবহার করে কিছু প্রতিষ্ঠান কম বেতনে বিদেশি কর্মী নিয়োগের মাধ্যমে মার্কিন কর্মীদের চাকরির সুযোগ কমিয়ে দিচ্ছে। তবে প্রযুক্তি প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনগুলোর বক্তব্য, বিশেষায়িত অনেক পদে পর্যাপ্ত মার্কিন কর্মী না থাকায় বৈশ্বিক মেধাবীদের আকৃষ্ট করতে এইচ-১বি কর্মসূচি গুরুত্বপূর্ণ।
এদিকে ফি আরোপের বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠন, বিভিন্ন অঙ্গরাজ্য, শ্রমিক সংগঠন ও নিয়োগকর্তাদের পক্ষ থেকে একাধিক মামলা চলছে। তাদের দাবি, কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া প্রশাসন এভাবে অতিরিক্ত ফি বা কর আরোপ করতে পারে না।
এইচ-১বি কর্মসূচিতে ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির প্রভাব ইতোমধ্যে আবেদনের সংখ্যাতেও দেখা গেছে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর নিয়োগকর্তারা প্রায় ৩ লাখ ৪৪ হাজার এইচ-১বি নিবন্ধন করেন। ২০২৪ সালের তুলনায় এই সংখ্যা ২৫ শতাংশের বেশি কম এবং ২০২৩ সালের প্রায় ৭ লাখ ৯৪ হাজার নিবন্ধনের অর্ধেকেরও কম।
এর পাশাপাশি এইচ-১বি আবেদনকারীদের কঠোর ব্যাকগ্রাউন্ড যাচাই এবং বেশি বেতন ও উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। আগস্টের শুরুতে এইচ-১বি কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো বা বিদেশে থাকা কর্মীদের যুক্তরাষ্ট্রে স্থানান্তরের কিছু আবেদনে অতিরিক্ত ৪ হাজার ৫০০ ডলার পর্যন্ত ফি আরোপের প্রস্তাবও করা হয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত