ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৩ অগাস্ট ২০২৬ | ৯:০৫ এএম
দেশের আকাশপথে নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর বিমান চলাচল নিশ্চিত করতে দক্ষ এয়ার ট্রাফিক কন্ট্রোলার গড়ে তুলতে এটিসি বেসিক কোর্স শুরু করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
রোববার সকালে সিভিল এভিয়েশন একাডেমিতে কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেবিচকের সদস্য (এটিএম) এয়ার কমডোর মো. নূর-ই-আলম। ৩৬তম ব্যাচের এ প্রশিক্ষণে বাংলাদেশ বিমান বাহিনীর আটজন এবং বেবিচকের ছয়জনসহ মোট ১৪ জন অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এয়ার কমডোর মো. নূর-ই-আলম বলেন, বিমান চলাচল ব্যবস্থায় এয়ার ট্রাফিক কন্ট্রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল একটি কাজ। আকাশপথে একসঙ্গে চলাচলকারী উড়োজাহাজগুলোর মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা, উড্ডয়ন ও অবতরণের সময় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং পুরো আকাশপথের চলাচল সুশৃঙ্খল রাখার ক্ষেত্রে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, দেশের বিমান চলাচল খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনবল তৈরি করতে আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। এটিসি প্রশিক্ষণ ভবিষ্যৎ কন্ট্রোলারদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি করবে।
অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, দেশের বিমান চলাচল ব্যবস্থাকে আরও নিরাপদ ও আধুনিক করতে দক্ষ জনবলের বিকল্প নেই। প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা, আন্তরিকতা ও পেশাগত দায়িত্ববোধের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বেবিচকের পরিচালক (এটিএম) মো. সামছুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থীরা এয়ার ট্রাফিক কন্ট্রোল ও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ নেবেন। বেবিচক সংশ্লিষ্টদের আশা, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ এয়ার ট্রাফিক কন্ট্রোলার তৈরি হলে দেশের ক্রমবর্ধমান বিমান চলাচল ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং আকাশপথের নিরাপত্তা আরও জোরদার হবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত