ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০১ অগাস্ট ২০২৬ | ৩:২৮ এএম
যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে প্রবেশের পর নির্ধারিত সময়ের বেশি অবস্থান (ওভারস্টে) ঠেকাতে ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত কিছু দেশের নাগরিকদের বি-১ (ব্যবসায়িক) ও বি-২ (পর্যটন) ভিসার আবেদন করার সময় সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত (ভিসা বন্ড) দিতে হতে পারে।
শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক ফেডারেল নোটিশে এ তথ্য জানানো হয়।
নতুন বিধানে কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজন মনে করলে ভিসা দেওয়ার শর্ত হিসেবে আবেদনকারীদের কাছ থেকে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড গ্রহণ করতে পারবেন। এ ব্যবস্থা আগামী ৩ আগস্ট থেকে কার্যকর হবে।
মার্কিন প্রশাসনের ভাষ্য, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান রোধ এবং অভিবাসন আইন মেনে চলতে আবেদনকারীদের উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
২০২৫ সালে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ কর্মসূচিতে ৫ হাজার, ১০ হাজার অথবা সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড নির্ধারণের সুযোগ ছিল। নতুন নিয়মে ৫ হাজার ডলারের বিকল্প বাদ দিয়ে সর্বোচ্চ বন্ডের পরিমাণ বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন নীতির আওতায় প্রায় ৫০টি দেশের নাগরিক প্রভাবিত হতে পারেন। এসব দেশের অধিকাংশই আফ্রিকার হলেও চূড়ান্তভাবে কোন কোন দেশের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে, তা কনস্যুলার কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
তবে সিদ্ধান্তটির সমালোচনা করেছেন অভিবাসন অধিকারকর্মীরা। তাদের দাবি, অতিরিক্ত আর্থিক জামানতের বাধ্যবাধকতা বৈধভাবে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক অনেক আবেদনকারীর জন্য নতুন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ ও জাতীয় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে একাধিক কঠোর অভিবাসন নীতি বাস্তবায়ন করছে। এর মধ্যে ভিসা আবেদন প্রক্রিয়ায় অতিরিক্ত ফি, সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই এবং ভিসা বন্ড কর্মসূচি উল্লেখযোগ্য।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত