ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ | ৪:৩৫ এএম
ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও আধুনিক করতে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিমান টিকিট কেনার সুবিধা চালু করেছে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় উড়োজাহাজ সংস্থা এমিরেটস। এর মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রথম বড় এয়ারলাইন হিসেবে যাত্রীদের জন্য এই সেবা চালু করল প্রতিষ্ঠানটি।
প্রাথমিকভাবে ক্রিপ্টো ডটকম পে প্ল্যাটফর্মের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে। যাত্রীরা এমিরেটসের সরকারি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে টিকিট বুকিংয়ের সময় ক্রিপ্টোকারেন্সি দিয়ে মূল্য পরিশোধ করতে পারবেন। টিকিটের মূল্য প্রথমে সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দিরহামে দেখানো হবে। এরপর পেমেন্টের সময় সমপরিমাণ অর্থ বিটকয়েন বা অন্য অনুমোদিত ডিজিটাল মুদ্রায় পরিশোধ করা যাবে।
তবে এমিরেটস এখনো কোন কোন ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করবে, সে বিষয়ে বিস্তারিত তালিকা প্রকাশ করেনি। ক্রিপ্টো ডটকম প্ল্যাটফর্মে বর্তমানে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, টেদার, ইউএসডি কয়েনসহ ৪০০টিরও বেশি ডিজিটাল সম্পদের লেনদেন হয়।
এমিরেটসের ডেপুটি প্রেসিডেন্ট ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আদনান কাজিম বলেন, নতুন প্রজন্মের গ্রাহকদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে অনেক যাত্রী মোবাইল ফোন থেকেই ভ্রমণ পরিকল্পনা ও আর্থিক লেনদেন সম্পন্ন করতে চান। তাই প্রযুক্তিনির্ভর এই সেবা তাদের জন্য আরও সুবিধাজনক হবে।
তার ভাষায়, সংযুক্ত আরব আমিরাত ও দুবাইকে বৈশ্বিক আর্থিক প্রযুক্তির কেন্দ্র হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য নেওয়া হয়েছে, এই উদ্যোগ সেই পরিকল্পনারই অংশ।
ডিজিটাল সম্পদের বাজারকে নিয়ন্ত্রিত ও নিরাপদ রাখতে সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে ভার্চুয়াল অ্যাসেটস রেগুলেটরি অথরিটি গঠন করেছে। পাশাপাশি দুবাই আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র এবং আবুধাবির আর্থিক কেন্দ্রও ক্রিপ্টোভিত্তিক বিনিয়োগ ও উদ্ভাবনকে উৎসাহ দিয়ে আসছে।
সিঙ্গাপুরভিত্তিক ক্রিপ্টো ডটকম বর্তমানে বিশ্বের ৯০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির ব্যবহারকারীর সংখ্যা ১৫ কোটির বেশি এবং মধ্যপ্রাচ্যের বাজারেও তারা কয়েক বছর ধরে সক্রিয় রয়েছে।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে বিমান টিকিট কেনায় ক্রিপ্টোকারেন্সির ব্যবহার এই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের মে মাসে দেশটির স্বল্পমূল্যের উড়োজাহাজ সংস্থা এয়ার এরাবিয়া একই ধরনের সুবিধা চালু করে। পরে জুলাইয়ে এমিরেটস ও দুবাই ডিউটি ফ্রি ক্রিপ্টো ডটকমের সঙ্গে সহযোগিতার প্রাথমিক চুক্তি সই করে।
ক্রিপ্টো ডটকমের প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা এরিক আনজিয়ানি বলেন, এমিরেটসের সঙ্গে এই অংশীদারত্ব সংযুক্ত আরব আমিরাতের প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ার দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত